ইরানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে ইসরায়েলি সেনার ৫ বছরের কারাদণ্ড

ইরানের হয়ে গুপ্তচরবৃত্তির দায়ে এক ইসরায়েলি সেনাসদস্যকে পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছেন দেশটির একটি সামরিক আদালত। ২০২৫ সালের জুনে ইসরায়েল-ইরান সংঘাত চলাকালে তেহরানের পক্ষে গোয়েন্দা তৎপরতায় জড়িত থাকার অভিযোগে তাকে দোষী সাব্যস্ত করা হয়েছে।

ইসরায়েলি সেনাবাহিনীর এক বিবৃতিতে বলা হয়েছে, অভিযুক্ত সেনাসদস্য ইরানের হয়ে বিভিন্ন ধরনের গুপ্তচরবৃত্তিমূলক দায়িত্ব পালন করেছিলেন। এ অভিযোগের ভিত্তিতে সামরিক পুলিশ, ইসরায়েল পুলিশ এবং অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা শিন বেত (শাবাক) যৌথভাবে তদন্ত চালায়।

তদন্ত শেষে আদালত তাকে ইরানের পক্ষে গুপ্তচরবৃত্তির অভিযোগে দোষী সাব্যস্ত করে পাঁচ বছরের কারাদণ্ড দেন।

তবে দণ্ডপ্রাপ্ত সেনাসদস্যের পরিচয়, তিনি কী ধরনের তথ্য বা দায়িত্ব ইরানের কাছে সরবরাহ করেছিলেন কিংবা কীভাবে তার সঙ্গে যোগাযোগ স্থাপন করা হয়েছিল, এসব বিষয়ে ইসরায়েলি সেনাবাহিনী বিস্তারিত কোনো তথ্য প্রকাশ করেনি।

সাম্প্রতিক বছরগুলোতে ইসরায়েলের নিরাপত্তা বাহিনী একাধিকবার অভিযোগ করেছে, ইরান বিভিন্ন উপায়ে ইসরায়েলের নাগরিক ও সেনাসদস্যদের সংবেদনশীল তথ্য সংগ্রহ কিংবা গোয়েন্দা তৎপরতায় সম্পৃক্ত করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। এই রায়কে সেই প্রেক্ষাপটেই গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। সূত্র: আলজাজিরা