দক্ষিণ ইরানে সাম্প্রতিক হামলায় ৩০ বেসামরিক নাগরিক নিহত

দক্ষিণ ইরানে সাম্প্রতিক মার্কিন হামলায় ৩০ জনের বেশি বেসামরিক নাগরিক নিহত হয়েছেন বলে দাবি করেছে ইরান। দেশটির সরকারি মুখপাত্র ফাতেমেহ মোহাজেরানি বলেছেন, গত কয়েকদিনে দক্ষিণাঞ্চলে চালানো হামলায় এই প্রাণহানির ঘটনা ঘটেছে।

বুধবার (১৫ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে মোহাজেরানি নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। তিনি বলেন, ‘শোকাহত পরিবারগুলোর প্রতি আমরা আন্তরিক সমবেদনা জানাই এবং নিহতদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করছি।’

তিনি আরও বলেন, ‘সরকার সর্বশক্তি দিয়ে জনগণের পাশে থাকবে। ইরানের দক্ষিণাঞ্চল এই দেশের স্পন্দিত হৃদয়।’

এর আগে ইরানের বিভিন্ন সংবাদমাধ্যম ও কর্মকর্তারা দাবি করেন, সাম্প্রতিক মার্কিন হামলায় দক্ষিণাঞ্চলের কয়েকটি এলাকায় বেসামরিক নাগরিক ও নিরাপত্তা বাহিনীর সদস্য হতাহত হয়েছেন।

তবে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এসব হতাহতের দাবির বিষয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি। সূত্র: আলজাজিরা