ইরানে ব্রিটিশ নাগরিকের দুই বছরের কারাদণ্ড

আপডেট : ১৫ জুলাই ২০২৬, ১০:০০ পিএম

গোয়েন্দাগিরির অভিযোগে ইরানে কারাবন্দি ব্রিটিশ নাগরিক ক্রেইগ ফোরম্যানের কারাদণ্ড আরও দুই বছর বাড়ানো হয়েছে। তার ছেলে জো বেনেট জানিয়েছেন, সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলার কারণেই এই অতিরিক্ত সাজা দেওয়া হয়েছে।

বুধবার (১৫ জুলাই) পরিবারের বরাতে এ তথ্য জানিয়েহে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা।

জো বেনেট বলেন, নতুন করে দুই বছরের সাজা হওয়ার খবর পেয়ে তারা গভীরভাবে উদ্বিগ্ন। তার ভাষ্য, আইনজীবীর সঙ্গে দেখা করানোর কথা বলে ক্রেইগ ফোরম্যানকে আদালতে নেওয়া হয়। সেখানে বিচারক তাকে জানান, সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলার কারণে বিদ্যমান ১০ বছরের কারাদণ্ডের সঙ্গে আরও দুই বছর যোগ করা হয়েছে।

তিনি বলেন, ‘আমরা ভেবেছিলাম এর চেয়ে খারাপ আচরণের শিকার আর হতে পারি না। কিন্তু এবার আমরা সত্যিই হতবাক।’

ক্রেইগ ফোরম্যান ও তার স্ত্রী লিন্ডসে ফোরম্যান ২০২৫ সালের শুরুতে বিশ্বভ্রমণের অংশ হিসেবে মোটরসাইকেলে ইরান সফরের সময় গ্রেপ্তার হন। পরে গুপ্তচরবৃত্তির অভিযোগে তাদের প্রত্যেককে ১০ বছরের কারাদণ্ড দেওয়া হয়। তবে এই অভিযোগ অস্বীকার করে আসছেন তারা।

গত মে মাসে কারাবাসের প্রতিবাদে স্বামী-স্ত্রী দুজনই অনশন শুরু করেন। সর্বশেষ তথ্য অনুযায়ী, ক্রেইগ ফোরম্যান ৬৮ দিন এবং লিন্ডসে ফোরম্যান ৫৯ দিন ধরে অনশন চালিয়ে যাচ্ছেন। সূত্র: আলজাজিরা

AS
আরও পড়ুন