হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ ঘিরে যুক্তরাষ্ট্র ও ইরানের চলমান পাল্টাপাল্টি হামলার মধ্যেই কুয়েতে নতুন করে ড্রোন হামলা চালানোর অভিযোগ উঠেছে ইরানের বিরুদ্ধে। এই হামলার জবাবে দেশটির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয়ভাবে প্রতিরোধ অভিযান চালাচ্ছে বলে জানিয়েছে কুয়েতের সামরিক বাহিনী।
বুধবার (১৬ জুলাই) এক বিবৃতিতে কুয়েতের সেনাবাহিনী জানায়, ইরানের নতুন করে চালানো বৈরী ড্রোন হামলার মোকাবিলায় দেশটির আকাশ প্রতিরক্ষা ইউনিট কাজ করছে।
সম্ভাব্য হুমকি প্রতিহত করতে প্রয়োজনীয় প্রতিরক্ষা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলেও উল্লেখ করা হয়।
এদিকে বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে বলা হয়েছে, রাজধানী কুয়েত সিটির আশপাশে একাধিক বিস্ফোরণের শব্দ শোনা গেছে। তবে এসব বিস্ফোরণের ফলে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির তথ্য তাৎক্ষণিকভাবে জানানো হয়নি।
হরমুজ প্রণালিকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সংঘাত ক্রমেই বিস্তৃত হওয়ার প্রেক্ষাপটে উপসাগরীয় অঞ্চলে নিরাপত্তা পরিস্থিতি আরও উদ্বেগজনক হয়ে উঠেছে। কুয়েতে সর্বশেষ এই ড্রোন হামলার ঘটনা সেই উত্তেজনাকে আরও বাড়িয়ে দিয়েছে। সূত্র: আলজাজিরা