কুয়েতের তেল স্থাপনায় ইরানের ড্রোন হামলা

ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় কুয়েতের একটি গুরুত্বপূর্ণ তেল স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। হামলায় কয়েকজন আহত হওয়ার পাশাপাশি উল্লেখযোগ্য অবকাঠামোগত ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় তেল কোম্পানি কুয়েত পেট্রোলিয়াম করপোরেশন (কেপিসি)।

রাষ্ট্রীয় বার্তা সংস্থা কুনার বরাতে কেপিসি জানায়, শনিবার (১৮ জুলাই) ভোরে ইরানের ধারাবাহিক হামলার লক্ষ্যবস্তু হয় তেল খাতের একটি ‘গুরুত্বপূর্ণ ও কৌশলগত’ স্থাপনা। হামলার পরপরই জরুরি সেবা দল ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণ ও উদ্ধারকাজ শুরু করে।

কেপিসির বিবৃতিতে বলা হয়েছে, হামলায় আহত ব্যক্তিদের দ্রুত হাসপাতালে নেওয়া হয়েছে এবং নিরাপত্তার স্বার্থে পুরো এলাকা খালি করা হয়েছে। একই সঙ্গে সংশ্লিষ্ট সরকারি সংস্থাগুলোর সঙ্গে সমন্বয় করে পরিস্থিতি মোকাবিলার কাজ চলছে।

তবে কোন তেল স্থাপনায় হামলা হয়েছে, কী ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে কিংবা উৎপাদন কার্যক্রমে কোনো প্রভাব পড়েছে কি না, এসব বিষয়ে এখনো বিস্তারিত তথ্য প্রকাশ করেনি কুয়েত কর্তৃপক্ষ।

মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত নতুন করে তীব্র হওয়ার প্রেক্ষাপটে কুয়েতের জ্বালানি অবকাঠামোয় এই হামলার ঘটনা আঞ্চলিক নিরাপত্তা ও বৈশ্বিক জ্বালানি সরবরাহ নিয়ে নতুন উদ্বেগ তৈরি করেছে। সূত্র: আলজাজিরা