ইসলামাবাদ সমঝোতা স্থগিত করলো ইরান

ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী কাশেম গারিবাবাদি বলেছেন, যুক্তরাষ্ট্রের ধারাবাহিক হামলার কারণে ইসলামাবাদ সমঝোতা স্মারক (এমওইউ) অনুযায়ী নিজেদের অঙ্গীকার স্থগিত করেছে তেহরান।

ইরানের সংবাদমাধ্যম ফার্স নিউজকে দেওয়া বক্তব্যে গারিবাবাদি দাবি করেন, যুক্তরাষ্ট্র ইসলামাবাদ সমঝোতা স্মারকের আওতায় থাকা সব প্রতিশ্রুতিই লঙ্ঘন করেছে এবং কার্যত তা স্থগিত করেছে।

তিনি বলেন, 'যুক্তরাষ্ট্র ইসলামাবাদ এমওইউর সব অঙ্গীকার ভঙ্গ করেছে। এর পরিপ্রেক্ষিতে ইরানও সমঝোতার অধীন নিজেদের প্রতিশ্রুতি ও বাস্তবায়ন স্থগিত করেছে। বর্তমানে আমাদের প্রধান অগ্রাধিকার দেশকে রক্ষা করা।'

এর আগে পাকিস্তান ও কুয়েতের পররাষ্ট্রমন্ত্রীদের আলোচনায় ইসলামাবাদ সমঝোতা স্মারক কার্যকর রাখা এবং মধ্যপ্রাচ্যে উত্তেজনা কমানোর প্রয়োজনীয়তার ওপর জোর দেওয়া হয়েছিল। তবে ইরানের এই ঘোষণায় সমঝোতার ভবিষ্যৎ নিয়ে নতুন অনিশ্চয়তা তৈরি হয়েছে।

তবে ইসলামাবাদ সমঝোতা স্থগিতের বিষয়ে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি। ইরানের দাবিও স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। সূত্র: আলজাজিরা