ইরানে মার্কিন হামলায় ১২ দিনে নিহত ৫০, আহত পাঁচ শতাধিক

ইরানে গত ৬ জুলাই থেকে শুরু হওয়া মার্কিন হামলায় অন্তত ৫০ জন নিহত এবং ৫০০–এর বেশি মানুষ আহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়।

আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনসংযোগ ও তথ্য বিভাগের প্রধান হোসেইন কেরমানপুর সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে এ তথ্য জানান।

কেরমানপুরের দাবি, নিহতদের মধ্যে পাঁচজন নারী, দুইজন শিশু এবং ১৮ বছরের কম বয়সী কয়েকজন কিশোর-কিশোরী রয়েছেন। আহতদের মধ্যে ৩২ জন নারী এবং ১৮ জন শিশু ও কিশোর-কিশোরী রয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

তিনি জানান, আহতদের চিকিৎসায় এখন পর্যন্ত ২৮টি অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। চিকিৎসা শেষে ৪৬০ জনকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয়েছে। বর্তমানে আরও ৩৭ জন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

তবে ইরানের দেওয়া হতাহতের এই পরিসংখ্যান স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। মার্কিন কর্তৃপক্ষও এ বিষয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি। সূত্র: আলজাজিরা