ইরানের সঙ্গে চলমান যুদ্ধ আর চালিয়ে যাওয়ার পক্ষে নন বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তবে ভবিষ্যতে যেকোনো সংকট মোকাবিলায় দেশের সক্ষমতা ও প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর ওপর গুরুত্ব দিয়েছেন তিনি।
দেশটির শীর্ষ বিশ্ববিদ্যালয়গুলোর প্রধানদের সঙ্গে এক বৈঠকে পেজেশকিয়ান বলেন, ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবিলায় ইরানকে এমনভাবে প্রস্তুত হতে হবে, যাতে প্রতিপক্ষের সঙ্গে আলোচনায় বসতে হলে দুর্বল অবস্থান থেকে তা করতে না হয়। ইরানি সংবাদ সংস্থা আইএসএনএর বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে আল জাজিরা।
বিশ্ববিদ্যালয়গুলোকে দেশের অর্থনীতি, প্রশাসন, সংস্কৃতি, সাহিত্যসহ বিভিন্ন ক্ষেত্রে সরকারকে সহযোগিতা করার আহ্বান জানান ইরানের প্রেসিডেন্ট। তার মতে, জাতীয় সংকট মোকাবিলায় শিক্ষা প্রতিষ্ঠানগুলোর ভূমিকা শুধু একাডেমিক কর্মকাণ্ডে সীমাবদ্ধ থাকা উচিত নয়।
জেনারেশন জেড বা তরুণ শিক্ষার্থীদেরও দেশের সমস্যা সমাধানের কাজে যুক্ত করার ওপর গুরুত্ব দেন পেজেশকিয়ান। তিনি বলেন, তরুণদের যেন শুধু প্রতিবাদে অংশ নেওয়ার পরিবর্তে দেশের সমস্যা সমাধানে নিজেদের যুক্ত করার সুযোগ দেওয়া হয়, সেটি নিশ্চিত করতে হবে।
নিজের রাজনৈতিক অবস্থান নিয়েও বক্তব্য দেন ইরানের প্রেসিডেন্ট। তিনি বলেন, কারও সঙ্গে তার রাজনৈতিক বিরোধ নেই এবং দেশের স্বার্থে যে ব্যক্তি বা গোষ্ঠী সমস্যার সমাধানে সহযোগিতা করতে চায়, তাদের রাজনৈতিক পরিচয় তার কাছে গুরুত্বপূর্ণ নয়। পেজেশকিয়ান বলেন, তিনি বাম বা ডানপন্থী, ধর্মীয় কিংবা ধর্মনিরপেক্ষ কোনো পক্ষের সঙ্গেই বিরোধে যেতে চান না। তার মতে, দেশের সমস্যা সমাধানের সঙ্গে মানুষের ব্যক্তিগত বিশ্বাস বা রাজনৈতিক মতাদর্শকে এক করে দেখা উচিত নয়।
অর্থনৈতিক নীতি নিয়েও সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন তিনি। তার বক্তব্য, দেশের বর্তমান বাস্তবতা বিবেচনায় না নিয়ে অর্থনৈতিক সিদ্ধান্ত নেওয়া হলে কাঙ্ক্ষিত সমাধানের পরিবর্তে উল্টো নেতিবাচক ফল ও ক্ষতির সৃষ্টি হতে পারে।
পেজেশকিয়ানের এসব বক্তব্য এমন সময়ে এলো, যখন ইরান একদিকে সামরিক সংঘাতের চাপ মোকাবিলা করছে, অন্যদিকে অর্থনৈতিক সংকট ও আন্তর্জাতিক চাপও সামলাতে হচ্ছে। তার বক্তব্যে যুদ্ধ অব্যাহত রাখার পরিবর্তে জাতীয় সক্ষমতা বাড়ানো, রাজনৈতিক মতপার্থক্য কমানো এবং অভ্যন্তরীণ সমস্যা সমাধানে মনোযোগ দেওয়ার বার্তা স্পষ্ট হয়ে উঠেছে।
ইসরায়েলের যুদ্ধের খরচ আমেরিকা কেনো দেবে: আরাঘচি
হরমুজে ফের মার্কিন নৌযানে হামলা চালিয়েছে আইআরজিসি
ব্রিকস সম্মেলনে যোগ দিতে নয়াদিল্লিতে ইরানের প্রেসিডেন্ট