ইরাকের কুর্দিস্তান আঞ্চলিক সরকারের (কেআরজি) প্রেসিডেন্ট নেচিরভান বারজানি দামেস্কে সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল-শারার সঙ্গে বৈঠক করেছেন। বাশার আল-আসাদের সরকারের পতনের পর এটিই বারজানির প্রথম সিরিয়া সফর।
সোমবার (৩ আগস্ট) সিরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানা জানায়, রাজধানী দামেস্কের পিপলস প্যালেসে অনুষ্ঠিত বৈঠকে উপস্থিত ছিলেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আসাদ আল-শাইবানি।
সিরিয়ার প্রেসিডেন্টের কার্যালয় টেলিগ্রামে দেওয়া এক বিবৃতিতে জানায়, বৈঠকে দুই পক্ষের পারস্পরিক সম্পর্ক আরও জোরদার, বিশেষ করে অর্থনৈতিক সহযোগিতা ও সমন্বয় বৃদ্ধির উপায় নিয়ে আলোচনা হয়।
এ ছাড়া আঞ্চলিক সর্বশেষ পরিস্থিতি, নিরাপত্তা সহযোগিতা এবং উভয় পক্ষের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়েও মতবিনিময় করেন দুই নেতা।
এর আগে ২০২৫ সালের ১১ এপ্রিল তুরস্কের আনতালিয়া কূটনৈতিক ফোরামের ফাঁকে প্রথমবারের মতো সাক্ষাৎ করেন বারজানি ও আল-শারা। পরে ২০২৬ সালের ১৭ এপ্রিল একই ফোরামের পঞ্চম আসরেও তাদের মধ্যে আরেক দফা বৈঠক অনুষ্ঠিত হয়। সূত্র: আলজাজিরা