ইরানপন্থী সশস্ত্র গোষ্ঠীর ওপর চাপ বাড়াচ্ছে বাগদাদ

আপডেট : ২১ নভেম্বর ২০২৬, ০৪:১৫ পিএম

ইরাকের জুরফ আল-সাখর এলাকায় নিরাপত্তার দায়িত্ব নিজেদের হাতে নেওয়ার মধ্য দিয়ে ইরানপন্থী সশস্ত্র গোষ্ঠীগুলোর ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার পথে এগোচ্ছে বাগদাদ। তবে এই উদ্যোগকে ঘিরে বড় ধরনের সংঘাতের আশঙ্কাও উড়িয়ে দিচ্ছেন না বিশ্লেষকেরা। তাঁদের মতে, ইরাকে ইরানের প্রভাব শুধু অস্ত্রধারী গোষ্ঠীগুলোর মধ্যে সীমাবদ্ধ নয়; দেশটির রাজনীতি, অর্থনীতি ও প্রশাসনের বিভিন্ন স্তরেও তা বিস্তৃত।

বৃহস্পতিবার জুরফ আল-সাখরে ইরাকি সরকারি বাহিনী ও কাতায়েব হিজবুল্লাহর মধ্যে সংঘর্ষের আশঙ্কা তৈরি হয়। তেল চুরি ও ব্যাপক চোরাচালানের অভিযোগে ইরান-সমর্থিত গোষ্ঠীটিকে এলাকাটি ছেড়ে যাওয়ার নির্দেশ দিয়েছিল সরকার। শুক্রবারের মধ্যে সরে যাওয়ার সময়সীমাও বেঁধে দেওয়া হয়। এরই মধ্যে ওই এলাকার বাইরে সরকারি বাহিনী মোতায়েন করা হচ্ছিল।

কাতায়েব হিজবুল্লাহর এক শীর্ষ কমান্ডার অবশ্য এলাকা ছেড়ে যাওয়ার ঘোষণা প্রত্যাখ্যান করেন। প্রধানমন্ত্রী আলী আল-জাইদিকে ‘বিবাদ উসকে দেওয়ার পথে হাঁটা একজন দুঃসাহসী ব্যক্তি’ বলে মন্তব্য করে তিনি ইরাক বড় সংকটের মুখে পড়তে যাচ্ছে বলে সতর্ক করেন।

কিন্তু শুক্রবার পরিস্থিতি পাল্টে যায়। ইরাকি নিরাপত্তা বাহিনী জুরফ আল-সাখরের নিরাপত্তার দায়িত্ব নিতে শুরু করে। তেল ও জ্বালানি অবকাঠামো রক্ষায় এনার্জি পুলিশও মোতায়েন করা হয়। বাহিনীর প্রধান লেফটেন্যান্ট জেনারেল হামিদ আল-হুসেইনি জানান, ওই এলাকার মধ্য দিয়ে যাওয়া ৪৪১ কিলোমিটার তেল পাইপলাইনের নিরাপত্তা নিশ্চিত করতে সেনাবাহিনীর সঙ্গে সমন্বয় করে প্রতি ৫০০ মিটার অন্তর চেকপোস্ট বসানো হচ্ছে।

বাবিল প্রদেশের এই এলাকাটি একসময় জুরফ আল-নাসর নামেও পরিচিত ছিল। ২০১৪ সালে আইএসের কাছ থেকে এলাকাটি পুনর্দখল করে সরকারি বাহিনী। তখন কাতায়েব হিজবুল্লাহসহ শিয়া মিলিশিয়াদের সহায়তা নেওয়া হয়েছিল। যুদ্ধের পর এলাকাটি ব্যাপকভাবে ধ্বংস হয়ে যায়। প্রায় ৮০ হাজার বাসিন্দা ঘরবাড়ি ছেড়ে চলে যান। তাঁদের অধিকাংশই এখনো ফিরতে পারেননি।

এবার অবকাঠামো পুনর্গঠন ও বাসিন্দাদের ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হয়েছে। কারবালার সঙ্গে সংযোগকারী ৭০ কিলোমিটার সড়কটি পুনরায় চালুর কাজও শুরু হয়েছে। এই সড়ক খুলে দেওয়া শুধু যাতায়াতের সুবিধা বাড়াবে না, বরং দীর্ঘ ১২ বছর ধরে কাতায়েব হিজবুল্লাহর কার্যত নিয়ন্ত্রণে থাকা এলাকায় বাগদাদের কর্তৃত্ব প্রতিষ্ঠার বার্তাও দেবে।

সরকারি বাহিনীর এই মোতায়েন ঘিরে কাতায়েব হিজবুল্লাহর পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। সংঘাতের আশঙ্কা থাকলেও বাহিনীর সদস্যরা বাধা ছাড়াই এলাকায় প্রবেশ করতে পেরেছেন। ইরাকি সংবাদ সংস্থার তথ্য অনুযায়ী, শুক্রবার দুপুরের দিকে সামরিক ইউনিটগুলোর কাছে অবস্থান হস্তান্তরের প্রক্রিয়া শেষ হয়। মোতায়েনের সময় কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

প্রধানমন্ত্রী আলী আল-জাইদি নিরাপত্তা বাহিনীর সদস্যদের উদ্দেশে দেওয়া বক্তব্যে সংযম ও বিচক্ষণতার ওপর জোর দেন। তিনি বলেন, সেখানে কোনো যুদ্ধ চলছে না, প্রতিপক্ষও কেউ নয়। সবাই একই দেশের নাগরিক। এই পরিস্থিতিতে বিভাজনের বদলে ঐক্য ধরে রাখতে হবে। তাঁর বক্তব্য, রাষ্ট্রের অধীনে একক বাহিনী, একক নেতৃত্ব ও একক আইন প্রতিষ্ঠা করতে হবে। ইরাকে রাষ্ট্রের অনুমতি ছাড়া কোনো অস্ত্র রাখা যাবে না, দেশের সিদ্ধান্তও অন্য কারও হাতে থাকতে পারে না।

তবে জুরফ আল-সাখরে সরকারি বাহিনীর প্রবেশকে দেশজুড়ে মিলিশিয়া নিরস্ত্রীকরণের সাফল্য হিসেবে দেখছেন না বিশ্লেষকেরা। চ্যাথাম হাউসের গবেষক হায়দার আল-শাকারির মতে, এই ঘটনা গুরুত্বপূর্ণ হলেও আগামী জুনের মধ্যে সব সশস্ত্র গোষ্ঠীকে নিরস্ত্র করার লক্ষ্য অর্জন কতটা সম্ভব, তা এখনই বলা যাচ্ছে না। কারণ, সরকার আলোচনার মাধ্যমে এলাকায় প্রবেশ করেছে; সামরিক শক্তি প্রয়োগ করে কাতায়েব হিজবুল্লাহকে পরাজিত বা নিরস্ত্র করেনি।

এই সমঝোতার পেছনে ইরানের ভূমিকা থাকার কথাও উঠে এসেছে। প্রতিবেদনে বলা হয়েছে, প্রধানমন্ত্রী আল-জাইদি সোমবার বাগদাদে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের কুদস ফোর্সের কমান্ডার ইসমাইল কানি’র সঙ্গে বৈঠক করেন। বিশ্লেষক আল-শাকারির মতে, তেহরান ইরাকের শিয়া রাজনৈতিক শক্তিগুলোর মধ্যে সংঘাত চায় না। এমন পরিস্থিতি ইরান ও তার মিত্রদের অবস্থান দুর্বল করতে পারে। তাঁর ধারণা, কানি’র হস্তক্ষেপে এমন একটি সমঝোতা হয়েছে, যাতে কাতায়েব হিজবুল্লাহ সামরিক পরাজয়ের মুখে পড়েনি, আর বাগদাদ এলাকায় নিজেদের উপস্থিতি বাড়ানোর সুযোগ পেয়েছে।

ইরানপন্থী গোষ্ঠীগুলোর ক্ষমতা এখন শুধু অস্ত্রের ওপর নির্ভরশীল নয়। বিভিন্ন দলের রাজনৈতিক শাখা, সংসদে প্রতিনিধিত্ব, সরকারি নিয়োগে প্রভাব এবং তেল, অর্থায়ন ও ঠিকাদারি খাতে বিস্তৃত নেটওয়ার্ক রয়েছে। অস্ত্র সরিয়ে নেওয়া তাদের ক্ষমতার একটি অংশ কমাতে পারে। কিন্তু রাজনৈতিক ও অর্থনৈতিক কাঠামো অক্ষত থাকলে সেই প্রভাব অন্যভাবে আরও শক্তিশালী হয়ে উঠতে পারে।

ইরাকে নিযুক্ত সাবেক ব্রিটিশ রাষ্ট্রদূত স্যার জন জেনকিনস অবশ্য পুরো ঘটনাকে সন্দেহের চোখে দেখছেন। তাঁর মতে, প্রধানমন্ত্রী দপ্তর, বিচার বিভাগ, পপুলার মোবিলাইজেশন ফোর্সেস ও ইরানের মধ্যে পর্দার আড়ালে সমঝোতার মাধ্যমে সরকারি পদক্ষেপকে বড় সাফল্য হিসেবে তুলে ধরা হতে পারে। তিনি মনে করেন, ইরাকের রাষ্ট্রীয় কাঠামোর ভেতরেই ইরান-ঘনিষ্ঠ গোষ্ঠীগুলোর প্রভাব রয়েছে, আর দুর্নীতি সেই ব্যবস্থাকে টিকিয়ে রাখতে সহায়তা করছে।

প্রধানমন্ত্রী আল-জাইদির সামনে এখন কঠিন রাজনৈতিক সমীকরণ। একদিকে ওয়াশিংটনের আস্থা ধরে রাখতে সশস্ত্র গোষ্ঠীগুলোর ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে হবে, অন্যদিকে তাঁর সরকারকে সমর্থন দেওয়া শিয়া রাজনৈতিক জোটগুলোর সঙ্গে সম্পর্কও নষ্ট করা যাবে না। জোটের কিছু অংশের সঙ্গে মিলিশিয়াদের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। কাতায়েব হিজবুল্লাহর বিরুদ্ধে কতটা কঠোর হওয়া উচিত, তা নিয়েও রাজনৈতিক বিভাজন দেখা দিয়েছে।

অতিরিক্ত কঠোর পদক্ষেপে সরকারের সমর্থক জোট ভেঙে যাওয়ার ঝুঁকি রয়েছে। আবার কার্যকর ব্যবস্থা নিতে ব্যর্থ হলে যুক্তরাষ্ট্রের কাছে বাগদাদের বিশ্বাসযোগ্যতা প্রশ্নের মুখে পড়তে পারে। জুরফ আল-সাখরে আপাত শান্তিপূর্ণভাবে নিরাপত্তার দায়িত্ব নেওয়া তাই ইরাকের জন্য একটি গুরুত্বপূর্ণ পরীক্ষা। তবে মিলিশিয়াদের প্রকৃত ক্ষমতা ভাঙতে হলে শুধু অস্ত্র নয়, তাদের রাজনৈতিক, অর্থনৈতিক ও প্রাতিষ্ঠানিক প্রভাবের বিরুদ্ধেও ব্যবস্থা নিতে হবে।

সূত্র: আরব নিউজ

এটিটিআর
আরও পড়ুন
সর্বশেষপঠিত