সামরিক তথ্য পাচারে জড়িত মোসাদের ২১ 'ভাড়াটে' গুপ্তচর গ্রেপ্তার

ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের হয়ে সামরিক তথ্য সংগ্রহ ও পাচারের অভিযোগে ২১ জনকে গ্রেপ্তার করেছে বলে দাবি করেছে ইরানের গোয়েন্দা মন্ত্রণালয়।

রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবির বরাতে প্রকাশিত এক বিবৃতিতে মন্ত্রণালয় জানিয়েছে, আটক ব্যক্তিরা ইরানের সামরিক বাহিনী সংক্রান্ত তথ্য সংগ্রহ করে মোসাদের কাছে পাঠাতেন।

বিবৃতিতে তাদের ‘মোসাদের ভাড়াটে’ হিসেবে উল্লেখ করা হয়েছে।

জানা গেছে, দেশটির দক্ষিণ-পূর্বাঞ্চলীয় কেরমান প্রদেশে পৃথক অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়েছে।

তবে অভিযুক্তদের পরিচয়, তারা কী ধরনের সামরিক তথ্য সংগ্রহ করছিলেন বা তাদের বিরুদ্ধে কী ধরনের প্রমাণ পাওয়া গেছে, এসব বিষয়ে ইরানের গোয়েন্দা মন্ত্রণালয় বিস্তারিত কোনো তথ্য প্রকাশ করেনি। সূত্র: আলজাজিরা