সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তান যৌথ প্রতিরক্ষা চুক্তি সই করেছে। সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান, তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের অংশগ্রহণে জেদ্দায় অনুষ্ঠিত যৌথ প্রতিরক্ষা সম্মেলনে এ চুক্তি স্বাক্ষরিত হয়।
পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, তিন দেশের দীর্ঘদিনের ঐতিহাসিক সম্পর্ক, ভ্রাতৃত্ব ও ইসলামী সংহতি, অভিন্ন কৌশলগত স্বার্থ এবং দীর্ঘদিনের প্রতিরক্ষা সহযোগিতার ভিত্তিতে চুক্তিটি করা হয়েছে।
বিবৃতিতে বলা হয়, চুক্তির লক্ষ্য তিন দেশের সম্মিলিত নিরাপত্তা আরও জোরদার করা এবং আঞ্চলিক ও এর বাইরের শান্তি, নিরাপত্তা ও স্থিতিশীলতা প্রতিষ্ঠায় সহযোগিতা বাড়ানো।
চুক্তিতে সম্মিলিত প্রতিরোধ সক্ষমতা জোরদারের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, তিন দেশের যেকোনো একটি দেশের ওপর সশস্ত্র হামলাকে তিন দেশের ওপর হামলা হিসেবে বিবেচনা করার কথা বলা হয়েছে।
বিবৃতিতে আরও বলা হয়, এই প্রতিরক্ষা ব্যবস্থা তিন দেশের নিরাপত্তা আরও শক্তিশালী করার পাশাপাশি একটি নিরাপদ ও সমৃদ্ধ ভবিষ্যৎ নিশ্চিতের অভিন্ন লক্ষ্যকে এগিয়ে নিতে কাজ করবে। সূত্র: আলজাজিরা