সম্ভাব্য পরবর্তী যুদ্ধে ইরান আরও আগ্রাসীভাবে প্রতিক্রিয়া জানাবে বলে হুঁশিয়ারি দিয়েছেন দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনির দপ্তরের রাজনৈতিক উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল রাসুল সানাই-রাদ। ফার্স নিউজ এজেন্সির বরাতে এ তথ্য জানিয়েছে ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম।
সানাই-রাদ বলেন, সাম্প্রতিক যুদ্ধে ইরান দৃঢ়ভাবে অবস্থান নিয়েছিল। ভবিষ্যতে আবার যুদ্ধ শুরু হলে তেহরান আরও শক্ত অবস্থান নেবে এবং আগের চেয়েও বেশি আগ্রাসীভাবে প্রতিরোধ গড়ে তুলবে।
তিনি বলেন, সাম্প্রতিক যুদ্ধে আমরা দৃঢ়ভাবে দাঁড়িয়েছি। ভবিষ্যতে সম্ভাব্য কোনো যুদ্ধে, সৃষ্টিকর্তার ইচ্ছায়, আমরা আরও দৃঢ় ও আগ্রাসীভাবে দাঁড়াব।
তবে বক্তব্যে সরাসরি যুক্তরাষ্ট্রের নাম উল্লেখ না করে তিনি ইরানের শত্রুদের বিরুদ্ধে অভ্যন্তরীণ বিভাজন তৈরির চেষ্টার অভিযোগ করেন। তার দাবি, অর্থনৈতিক চাপের মাধ্যমে ইরানের জনগণের মধ্যে বিভেদ সৃষ্টি করার যে পরিকল্পনা নেওয়া হয়েছিল, তা সফল হয়নি।
সানাই-রাদের এই বক্তব্য এমন এক সময়ে এলো, যখন সাম্প্রতিক যুদ্ধের পর ইরান তার সামরিক ও নিরাপত্তা কাঠামোয় একাধিক পরিবর্তন আনছে। বিশ্লেষকেরা বলছেন, তেহরানের নতুন নিরাপত্তা নেতৃত্বে আরও কঠোর ও সংঘাতমুখী অবস্থানের ইঙ্গিত মিলছে।
ইরানের সাম্প্রতিক বক্তব্যগুলোতেও যুদ্ধের অভিজ্ঞতা কাজে লাগিয়ে ভবিষ্যৎ প্রতিরোধ সক্ষমতা বাড়ানোর ওপর জোর দেওয়া হচ্ছে। দেশটির কর্মকর্তারা বিশেষ করে ক্ষেপণাস্ত্র সক্ষমতা, সামরিক প্রস্তুতি এবং যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে দীর্ঘমেয়াদি প্রতিরোধের কথা বলছেন।
সানাই-রাদের বক্তব্যে একই সঙ্গে অভ্যন্তরীণ ঐক্য ধরে রাখার বিষয়টিও গুরুত্ব পেয়েছে। অর্থনৈতিক চাপের মধ্যেও সরকারবিরোধী বিভাজন তৈরি করা যাবে না, তেহরানের সাম্প্রতিক নিরাপত্তা বয়ানে এই বার্তাই ক্রমশ জোরালো হচ্ছে। সূত্র: আলজাজিরা