ট্রাম্পকে হত্যাচেষ্টার ইরানি হুমকি নিয়ে মার্কিন গোয়েন্দাদের সংশয়

আপডেট : ১৩ আগস্ট ২০২৬, ১০:৪৩ এএম

ন্যাটো সম্মেলন শেষে তুরস্ক ছাড়ার সময় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ওপর ইরানের সম্ভাব্য হত্যাচেষ্টার যে তথ্য ইসরায়েল দিয়েছিল, তা নিয়ে সংশয় প্রকাশ করেছেন মার্কিন গোয়েন্দা কর্মকর্তারা।

মার্কিন সংবাদমাধ্যম দ্য ওয়াশিংটন পোস্ট প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের বরাতে এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, ট্রাম্পকে হত্যাচেষ্টার বিষয়ে ইসরায়েলি সরকারের পক্ষ থেকে সিআইএকে একটি আগাম তথ্য বা থ্রেট অ্যালার্ট দেওয়া হয়েছিল। ওই তথ্যের ওপর ভিত্তি করেই আঙ্কারায় ট্রাম্পকে মূল বিমান পরিবর্তন করে গোপনে সামরিক বিমানে স্থানান্তর করার নাটকীয় পদক্ষেপ নেয় সিক্রেট সার্ভিস।

তবে সিআইএ'র বিশ্লেষকেরা ইসরায়েলের সরবরাহ করা এই তথ্যের সত্যতা ও নির্ভরযোগ্যতা নিয়ে সন্তুষ্ট হতে পারেননি। তাঁরা ট্রাম্প প্রশাসনের কাছে নিজেদের এই সংশয়ের কথা স্পষ্টভাবে জানিয়ে দেন।

ওয়াশিংটন পোস্ট জানায়, ট্রাম্পের জীবনের ওপর হুমকির খবরটি মূল মার্কিন গোয়েন্দা সংস্থাগুলোর নিজস্ব কোনো তথ্যের ওপর ভিত্তি করে তৈরি হয়নি, বরং তা এসেছিল সম্পূর্ণ ইসরায়েলি সূত্র থেকে। ফলে মার্কিন বিশ্লেষকদের একাংশ একে কম নির্ভরযোগ্য হিসেবে গণ্য করছেন।

এর আগে মঙ্গলবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প নিশ্চিত করেন যে, গত মাসে আঙ্কারায় ন্যাটো সম্মেলন শেষে তিনি রানওয়েতেই গোপনে বিমান পরিবর্তন করেছিলেন। তবে তিনি জানান, নিরাপত্তা কর্মীদের নির্দেশনা অনুসারেই তিনি সে সময় এই সিদ্ধান্ত মেনে নিয়েছিলেন।

সূত্র: আল-জাজিরা

YA
আরও পড়ুন