ইরান কোনো সাময়িক যুদ্ধবিরতি চায় না, বরং চলমান যুদ্ধের স্থায়ী অবসান চায় বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি।
ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের প্রশাসনের অধীনে ইরানের পররাষ্ট্রনীতিতে প্রতিবেশী দেশগুলোকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হয়েছে।
আব্বাস আরাগচি বলেন, ড. পেজেশকিয়ানের সরকারের অধীনে প্রতিবেশী দেশগুলোর সাথে সম্পর্ক উন্নয়ন ও আঞ্চলিক উত্তেজনা হ্রাসে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।
এই কৌশলের মূল লক্ষ্য হলো প্রতিবেশীদের সঙ্গে বিদ্যমান যেকোনো দূরত্ব বা উত্তেজনা দূর করা এবং বিস্তৃত আঞ্চলিক সহযোগিতার পাশাপাশি ‘প্রাদেশিক কূটনীতি’ জোরদার করা।
সম্প্রতি ঘটে যাওয়া আঞ্চলিক অস্থিরতার সময়ে সহায়তার হাত বাড়িয়ে দেওয়ার জন্য তিনি প্রতিবেশী রাষ্ট্রগুলোর প্রশংসাও করেন।
তিনি জানান, বিপদের দিনে কিছু প্রতিবেশী দেশ প্রয়োজনীয় পণ্য ও ওষুধ সরবরাহ করেছে, আটকে পড়া ইরানিদের নিজ ভূখণ্ড দিয়ে দেশে ফেরার সুযোগ করে দিয়েছে এবং ইরানি বিমানকে তাদের আকাশসীমা ব্যবহারের অনুমতি দিয়েছে।
যুদ্ধের শুরুতেই ইরান যুদ্ধবিরতির আহ্বান প্রত্যাখ্যান করেছিল উল্লেখ করে আরাগচি বলেন, আমরা কোনো সাময়িক যুদ্ধবিরতি চাই না; আমরা চাই যুদ্ধের পূর্ণাঙ্গ ও স্থায়ী অবসান।
কয়েক মাস পর পর যুদ্ধবিরতি ভেঙে পুনরায় সংঘর্ষ শুরু হওয়ার ঘটনাটি যেন নিয়মিত রেওয়াজে পরিণত না হয়, সে বিষয়ে ইরান সতর্ক রয়েছে বলে তিনি জানান।
সূত্র: আল-জাজিরা