ইরানের ওপর আরও অর্থনৈতিক চাপ প্রয়োগ করে যুক্তরাষ্ট্র কোনো লাভ করতে পারবে না বলে মন্তব্য করেছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। একই সঙ্গে সংকট সমাধানে আলোচনার পথ খোলা রাখলেও অর্থনৈতিক চাপের কাছে তেহরান নতি স্বীকার করবে না বলে জানিয়েছেন তিনি।
আল জাজিরা আরবির প্রতিবেদনে বলা হয়েছে, পেজেশকিয়ান জোর দিয়ে বলেন, ইরানের সঙ্গে সম্পর্কিত সমস্যাগুলো আলোচনার মাধ্যমে সমাধানের ক্ষেত্রেই তেহরানের অবস্থান কেন্দ্রীভূত। তবে সেই আলোচনার পাশাপাশি অর্থনৈতিক চাপ মোকাবিলায়ও ইরান দৃঢ় অবস্থানে থাকবে।
ইরানের প্রেসিডেন্টের এই বক্তব্য এমন সময়ে এলো, যখন তেহরানের ওপর যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক চাপ ও নিষেধাজ্ঞা আরও বাড়ানোর হুমকি নিয়ে দুই দেশের মধ্যে উত্তেজনা অব্যাহত রয়েছে।
পেজেশকিয়ানের বক্তব্যে ইঙ্গিত মিলেছে, আলোচনার মাধ্যমে বিরোধ মেটানোর সুযোগ ইরান উড়িয়ে দিচ্ছে না। তবে নিষেধাজ্ঞা ও অর্থনৈতিক চাপকে আলোচনার টেবিলে তেহরানকে 'সায়' দিতে বাধ্য করার কার্যকর হাতিয়ার হিসেবে দেখছে না দেশটি।
এর আগে ইরানের কর্মকর্তারা একাধিকবার বলে আসছেন, চাপ প্রয়োগের মাধ্যমে তেহরানের অবস্থান পরিবর্তন করা সম্ভব নয়। ফলে আলোচনার সম্ভাবনা থাকলেও যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক চাপের বিরুদ্ধে ইরানের প্রতিরোধ অব্যাহত থাকবে বলে ইঙ্গিত দিয়েছেন পেজেশকিয়ান। সূত্র: আলজাজিরা