ইরান যে অঞ্চলে তেল বিক্রি করতে পারবে না, সেখানে অন্য কোনো দেশও তেল বিক্রি করতে পারবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন দেশটির পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাকের গালিবাফ।
শুক্রবার (২৮ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে গালিবাফ এই সতর্কবার্তা দেন। পোস্টটি তিনি গত ২২ জুলাই প্রকাশ করেছিলেন। এর আগে মার্কিন সেন্ট্রাল কমান্ডের কমান্ডার অ্যাডমিরাল ব্র্যাড কুপার দাবি করেছিলেন, যুক্তরাষ্ট্রের বাহিনী হরমুজ প্রণালির ওপর পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে এবং ইরানের তেল রপ্তানি বন্ধ করে দিয়েছে।
গালিবাফ বলেন, এই যুদ্ধে সমীকরণ একেবারে পরিষ্কার, হয় সবার জন্য, নয়তো কারও জন্য নয়। তিনি সতর্ক করে বলেন, যে অঞ্চলে ইরান তেল বিক্রি করতে পারবে না, সেখানে অন্য কেউও তেল বিক্রি করতে পারবে না।
ইরানের এই পার্লামেন্ট স্পিকার আরও বলেন, কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালির নিরাপত্তা নিশ্চিত করার উপায় হলো সেখানে মার্কিন বাহিনীর উপস্থিতি না থাকা। বিশ্বব্যাপী তেলের চাহিদার প্রায় এক-পঞ্চমাংশের সঙ্গে সংশ্লিষ্ট এই গুরুত্বপূর্ণ নৌপথের নিরাপত্তা নিয়ে তিনি এমন মন্তব্য করেন।
গালিবাফ বলেন, ইরানের নিরাপত্তা নিশ্চিত না হলে কোনো অবকাঠামোই নিরাপদ থাকবে না। তার ভাষ্য অনুযায়ী, হরমুজ প্রণালির নিরাপত্তা নির্ভর করছে সেখানে মার্কিন বাহিনীর অনুপস্থিতির ওপর।
তিনি আরও বলেন, ইরান বহুবার স্পষ্ট করেছে যে যুদ্ধ শুরুর আগের পরিস্থিতিতে হরমুজ প্রণালির অবস্থা আর ফিরে যাবে না। সূত্র: মেহর নিউজ এজেন্সি