যুক্তরাষ্ট্র চাপের নীতি ছাড়লে ফের কূটনীতির পথ সচল: আরাঘচি

আপডেট : ২৮ আগস্ট ২০২৬, ০৩:৫৮ পিএম

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি বলেছেন, যুক্তরাষ্ট্র যদি বুঝতে পারে যে চাপ প্রয়োগ করে ইরানকে নত করা সম্ভব নয়, তাহলে কূটনীতির পথ আবারও সচল করা সম্ভব। তবে এ জন্য ওয়াশিংটনকে আস্থা তৈরির উদ্যোগ নেওয়ার পাশাপাশি ইরানের অধিকার স্বীকার ও নিজেদের প্রতিশ্রুতি রক্ষা করতে হবে।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে আরাঘচি বলেন, কূটনীতিকে আবার সঠিক পথে ফেরানো অসম্ভব নয়। তবে এর জন্য যুক্তরাষ্ট্রকে প্রথমে উপলব্ধি করতে হবে যে চাপ প্রয়োগের নীতি কার্যকর নয়।

তিনি জানান, কাতারের প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুর রহমান আল থানির সঙ্গে তার গঠনমূলক ও নতুন ভাবনার জন্ম দেওয়া আলোচনা হয়েছে। বৈঠকে আঞ্চলিক পরিস্থিতি এবং কূটনৈতিকভাবে সংকট কাটানোর সম্ভাবনা নিয়ে কথা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

আরাঘচি বলেন, ওয়াশিংটনকে তেহরানের সঙ্গে আস্থার পরিবেশ তৈরি করতে হবে। একই সঙ্গে ইরানের সঙ্গে সম্মানজনক ভাষায় কথা বলা, দেশটির অধিকার স্বীকার করা এবং পূর্বে দেওয়া প্রতিশ্রুতিগুলো পূরণ করাও জরুরি।

তার বক্তব্যে স্পষ্ট হয়েছে, ইরান এখনো কূটনীতির দরজা পুরোপুরি বন্ধ করতে চায় না। তবে আলোচনায় ফেরার ক্ষেত্রে চাপ, হুমকি কিংবা একতরফা সিদ্ধান্তের বদলে পারস্পরিক সম্মান ও প্রতিশ্রুতি পালনের ওপর জোর দিচ্ছে তেহরান।

আরাঘচির এই মন্তব্য এমন সময়ে এলো, যখন সাম্প্রতিক সংঘাতের পর ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে নতুন করে কূটনৈতিক যোগাযোগের সম্ভাবনা নিয়ে আলোচনা চলছে। কাতারসহ আঞ্চলিক কয়েকটি দেশও পরিস্থিতি স্বাভাবিক করতে মধ্যস্থতার চেষ্টা চালিয়ে যাচ্ছে। সূত্র: ডন

এএস
আরও পড়ুন