পশ্চিম তীরে ইসরায়েলি হামলার নিন্দা জানালেন নেতানিয়াহু!

অধিকৃত পশ্চিম তীরের কুসরা ও জালুদ গ্রামে ইহুদি বসতি স্থাপনকারীদের হামলাকে ‘অপরাধমূলক সহিংসতা’ আখ্যা দিয়ে নিন্দা জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।

শনিবার (২৯ আগস্ট) হামলার কয়েক ঘণ্টা পর এক বিবৃতিতে তিনি এ প্রতিক্রিয়া জানান।

নেতানিয়াহু বলেন, ‘কুসরা ও জালুদ গ্রামে একদল দাঙ্গাবাজের চালানো অপরাধমূলক সহিংসতার আমি তীব্র নিন্দা জানাই। তারা আইন ভঙ্গ করছে, আইন মান্যকারী ইহুদি সম্প্রদায়ের ওপর মারাত্মক অবিচার করছে, আইডিএফের (ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী) দায়িত্ব পালনে বাধা সৃষ্টি করছে এবং আন্তর্জাতিক অঙ্গনে ইসরায়েলের ভাবমূর্তি ক্ষুণ্ন করছে।’

প্রত্যক্ষদর্শী গ্রামবাসী ও সামরিক সূত্রের বরাতে জানা গেছে, প্রায় তিন সপ্তাহ ধরে চলা উত্তেজনার মধ্যে শনিবার কুসরা গ্রামে কয়েক ডজন বসতি স্থাপনকারী হামলা চালায়। স্থানীয় বাসিন্দা ইউসেফ আবদুল করিম হাসান জানান, কয়েকজন গ্রামবাসী একটি বাড়িতে কাজ করার সময় প্রথমে একদল বসতি স্থাপনকারী এসে তাদের হুমকি দেয়। পরে আরও লোকজন জড়ো করে বাড়িটি ঘিরে ফেলে এবং ফিলিস্তিনিদের লক্ষ্য করে এলোপাতাড়ি পাথর নিক্ষেপ করে।

এর আগে আগস্টের শুরুতেও নাবলুসের কাছে অবস্থিত ওই গ্রামের উপকণ্ঠে ফিলিস্তিনি বাড়িগুলোতে খাবার ও জরুরি রসদ সরবরাহ বন্ধ করে বাসিন্দাদের অবরুদ্ধ করে রাখার অভিযোগ ওঠে বসতি স্থাপনকারীদের বিরুদ্ধে।

সহিংসতার খবর পেয়ে ঘটনাস্থলে ইসরায়েলি সেনা ও সীমান্ত পুলিশ মোতায়েন করা হয়। ইসরায়েলি সামরিক বাহিনী জানায়, তারা সেখানে পৌঁছে দেখতে পায়, উগ্র বসতি স্থাপনকারীরা একটি ফিলিস্তিনি বাড়িতে থাকা বাসিন্দাদের ঘিরে সংঘর্ষে জড়িয়েছে। এতে কয়েকজন ফিলিস্তিনি আহত হন। পরে নিরাপত্তা বাহিনী বসতি স্থাপনকারীদের সরিয়ে দেয় এবং হামলায় ব্যবহারের সন্দেহে কয়েকটি যানবাহন জব্দ করে পুলিশের কাছে হস্তান্তর করে। এলাকায় শৃঙ্খলা বজায় রাখতে নিরাপত্তা অভিযান অব্যাহত রয়েছে।

১৯৬৭ সাল থেকে ইসরায়েলের দখলে থাকা পশ্চিম তীরে প্রায় ৩০ লাখ ফিলিস্তিনির পাশাপাশি আন্তর্জাতিক আইনে অবৈধ হিসেবে বিবেচিত বিভিন্ন বসতিতে ৫ লাখের বেশি ইসরায়েলি বসবাস করেন। দীর্ঘদিন ধরে ফিলিস্তিনিদের ওপর বসতি স্থাপনকারীদের সহিংসতার অভিযোগ থাকলেও সাম্প্রতিক মাসগুলোতে তা আরও বেড়েছে।

ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যের ভিত্তিতে এএফপির পরিসংখ্যান অনুযায়ী, ২০২৩ সালের অক্টোবরে গাজা যুদ্ধ শুরুর পর থেকে পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনী ও বসতি স্থাপনকারীদের হামলায় অন্তত ১ হাজার ১০৩ ফিলিস্তিনি নিহত হয়েছেন। একই সময়ে ফিলিস্তিনিদের পাল্টা হামলা ও সামরিক অভিযানে অন্তত ৪৮ ইসরায়েলি নিহত হয়েছেন।