‘রাজনীতিতে কাউকেই বিশ্বাস করি না’, নেতানিয়াহুকে নিয়ে ট্রাম্প

আপডেট : ১৬ অক্টোবর ২০২৬, ১২:১২ পিএম

রাজনীতির জগতে কাউকেই বিশ্বাস করেন না বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে তিনি বিশ্বাস করেন কি না—এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, রাজনীতিতে তিনি কাউকেই বিশ্বাস করেন না।

ডানপন্থী মার্কিন সংবাদমাধ্যম নিউজম্যাক্সকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্পকে এ প্রশ্ন করা হয়। জবাবে তিনি বলেন, ‘সত্যি বলতে, আমি কাউকেই বিশ্বাস করি না। রাজনীতির জগতে কাউকেই বিশ্বাস করি না।’

ইসরায়েলে আগামী ২৭ অক্টোবরের নির্বাচন সামনে রেখে নেতানিয়াহুর পক্ষে ট্রাম্প সমর্থন ঘোষণা করবেন কি না, তা নিয়ে সম্প্রতি তাঁকে একাধিকবার প্রশ্ন করা হয়েছে। তবে এ বিষয়ে এখনো স্পষ্ট করে কিছু জানাননি মার্কিন প্রেসিডেন্ট। নির্বাচনী প্রচারে নেতানিয়াহু দীর্ঘদিন ধরেই ট্রাম্পের সঙ্গে তাঁর ঘনিষ্ঠ সম্পর্কের বিষয়টি তুলে ধরে আসছেন।

সাক্ষাৎকারে ট্রাম্প আরও বলেন, নেতানিয়াহুর পুনর্নির্বাচনী প্রচারে তিনি অংশ নেবেন কি না, সে বিষয়ে ইসরায়েলি কর্মকর্তারা আগ্রহী। এ বিষয়ে প্রশ্ন করা হলে ট্রাম্প বলেন, ‘হ্যাঁ, তাঁরা চান আমি এতে যুক্ত হই।’

তবে নেতানিয়াহুর সঙ্গে নিজের সম্পর্কের বিষয়ে ইতিবাচক মন্তব্য করেছেন ট্রাম্প। তিনি বলেন, তাঁদের মধ্যে ‘খুব ভালো সম্পর্ক’ রয়েছে। ইরানের বিরুদ্ধে দুই দেশের সামরিক সহযোগিতাকেও ‘অত্যন্ত সফল’ বলে উল্লেখ করেন তিনি।

সূত্র: টাইমস অফ ইসরায়েল

ওয়াইএ
আরও পড়ুন