‘নতুন কৌশলের’ হুঁশিয়ারি ইরানের

যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক হামলার পর মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধে তেহরান ‘নতুন কৌশল’ গ্রহণ করবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ইরানের জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব মোহসেন রেজাই। তার দাবি, যুদ্ধক্ষেত্র, কূটনীতি এবং অর্থনৈতিক অবরোধ মোকাবিলায় ইরানের নতুন পদক্ষেপ যুক্তরাষ্ট্রের ভিত্তি নড়িয়ে দেবে।

সোমবার (৩১ আগস্ট)  সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে রেজাই বলেন, শিগগিরই যুক্তরাষ্ট্র ইরানের নতুন কৌশল দেখতে পাবে। যুদ্ধক্ষেত্রের পাশাপাশি কূটনৈতিক অঙ্গন ও অর্থনৈতিক অবরোধ মোকাবিলাতেও এ কৌশল প্রয়োগ করা হবে বলে জানান তিনি।

রেজাই বলেন, ইরানের নতুন কৌশল যুক্তরাষ্ট্রের ভিত্তি ‘চূর্ণবিচূর্ণ’ করে দেবে। তবে নতুন কৌশলের সুনির্দিষ্ট কোনো দিক তিনি তুলে ধরেননি।

সাম্প্রতিক সময়ে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে কয়েক সপ্তাহের মধ্যে সবচেয়ে তীব্র পাল্টাপাল্টি হামলার পর তার এ বক্তব্য এলো। এতে মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত আরও বিস্তৃত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।

ইরানের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তার বক্তব্যে সামরিক পদক্ষেপের পাশাপাশি কূটনৈতিক ও অর্থনৈতিক মোকাবিলার বিষয়টি বিশেষ গুরুত্ব পেয়েছে। ফলে তেহরান শুধু সামরিক প্রতিক্রিয়ার মধ্যেই সীমাবদ্ধ না থেকে যুক্তরাষ্ট্রের ওপর রাজনৈতিক ও অর্থনৈতিক চাপ বাড়ানোর পথও নিতে পারে বলে ইঙ্গিত মিলেছে।

রেজাইর বক্তব্যের পর যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। সূত্র: ডন