কুয়েতে মার্কিন সামরিক ঘাঁটি আলী আল-সালেমে যুক্তরাষ্ট্রের কমান্ডারের আবাসন ও কমান্ড পোস্টে হামলা চালানোর দাবি করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। বুধবার (২ সেপ্টেম্বর) ভোরে পাল্টা হামলার অংশ হিসেবে এ অভিযান চালানো হয় বলে জানিয়েছে ইরানের সংবাদমাধ্যম তাসনিম।
আইআরজিসির দাবি, কুয়েতে অবস্থিত গুরুত্বপূর্ণ আলী আল-সালেম ঘাঁটিতে চালানো বিস্তৃত অভিযানের অংশ হিসেবে মার্কিন কমান্ডারের থাকার স্থান এবং কমান্ড পোস্ট সফলভাবে লক্ষ্যবস্তু করা হয়েছে।
ইরানি বাহিনী আরও দাবি করেছে, এ হামলা মধ্যপ্রাচ্যজুড়ে মার্কিন সামরিক তৎপরতা সম্পর্কে তাদের ‘পূর্ণাঙ্গ গোয়েন্দা নজরদারির’ সক্ষমতার প্রমাণ। তবে হামলায় মার্কিন কমান্ডারের কোনো ক্ষয়ক্ষতি হয়েছে কি না, তা এখনো জানা যায়নি।
আলী আল-সালেম ঘাঁটির মার্কিন কমান্ডারের বর্তমান অবস্থান বা তার হতাহতের বিষয়ে এখন পর্যন্ত কোনো তথ্য প্রকাশ করা হয়নি।
আইআরজিসি জানিয়েছে, কুয়েতের ওই মার্কিন ঘাঁটিতে হামলাটি বৃহত্তর সামরিক অভিযানের অংশ। তবে হামলার পর যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সাম্প্রতিক সামরিক উত্তেজনার মধ্যেই কুয়েতে মার্কিন সামরিক স্থাপনা লক্ষ্য করে এ হামলার দাবি সামনে এলো। সূত্র: তাসনিম নিউজ এজেন্সি
বিয়ের অনুষ্ঠানে হামলার অভিযোগ অস্বীকার করলো যুক্তরাষ্ট্র
ইরান ইস্যুতে জাতিসংঘের কার্যকর ভূমিকা চান পেজেশকিয়ান
যুক্তরাষ্ট্রের পানি অবকাঠামোয় ইরানি হ্যাকারদের হামলা