যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ইরান যুদ্ধের প্রভাব কাটিয়ে হরমুজ প্রণালি দিয়ে তেলের সরবরাহ আবার প্রায় স্বাভাবিক অবস্থায় ফিরে আসছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রুথ সোশ্যালে শেয়ার করা এক গ্রাফিকের বরাত দিয়ে তিনি এই তথ্য জানান।
সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ওই তথ্যে ট্রাম্প উল্লেখ করেন, ইরান সংঘাতের আগে হরমুজ প্রণালি দিয়ে প্রতিদিন ২ কোটি ব্যারেল তেল চলাচল করত। বর্তমান সংকটের পর তা বেড়ে এখন প্রতিদিন প্রায় ১ কোটি ৮০ লাখ ব্যারেলে দাঁড়িয়েছে। তবে এই পরিসংখ্যানের সুনির্দিষ্ট কোনো উৎস তিনি প্রকাশ করেননি।
আন্তর্জাতিক জ্বালানি সংস্থার (আইইএ) তথ্য অনুযায়ী, যুদ্ধের আগে এই রুট দিয়ে প্রতিদিন প্রায় ২ কোটি ব্যারেল তেল পারাপার হতো। তবে সংকটের চরম পর্যায়ে সরবরাহ কমে প্রতিদিন মাত্র ৫০ থেকে ৬০ লাখ ব্যারেলে নেমে গিয়েছিল।
এদিকে গত সোমবার মার্কিন জ্বালানি সচিব ক্রিস রাইট সিএনবিসি নিউজকে জানান, হরমুজ প্রণালি দিয়ে তেল রপ্তানি যুদ্ধের সময়ের রেকর্ড ভেঙে প্রতিদিন ১ কোটি ৭০ লাখ ব্যারেল ছাড়িয়েছে।
অন্যদিকে মার্কিন সামরিক বাহিনী গত সপ্তাহে এই প্রণালি থেকে মাইন অপসারণের কাজ শেষ হওয়ার ঘোষণা দিলেও, সঠিক অনুমোদন ছাড়া এই জলপথে জাহাজ চলাচলের বিষয়ে কড়া সতর্কতা জারি রেখেছে ইরান। সূত্র: ডন