ইরানের দীর্ঘ ইতিহাস নিয়ে বেসেন্টকে বাঘাইয়ের সতর্কবার্তা

আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৯ পিএম

মার্কিন যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী স্কট বেসেন্টের সাম্প্রতিক এক মন্তব্যের কড়া জবাব দিয়েছে তেহরান। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ইরানের দীর্ঘ ইতিহাস ও সংস্কৃতিকে যেন ছোটবেলার বাড়ির পেছনের উঠোনের সঙ্গে তুলনা করা না হয়।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্স (সাবেক টুইটার)-এ দেওয়া এক পোস্টে বাঘাই এই প্রতিক্রিয়া জানান। ৩ সেপ্টেম্বর ইরানে ব্রিটিশ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে লড়াইয়ের প্রতীক শহিদ রইস আলী দেলভারির শাহাদাতবার্ষিকী এবং জাতীয় প্রতিরোধ দিবস হিসেবে পালিত হয়। এই বিশেষ দিনটিকে স্মরণ করেই মার্কিন মন্ত্রীকে লক্ষ্য করে ওই কড়া বার্তা দেওয়া হয়।

মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট সম্প্রতি ইরান সম্পর্কে মন্তব্য করতে গিয়ে দক্ষিণ ক্যারোলাইনার ছোটবেলার পেছনের উঠোনে ম্যাশেটি ও রেক  দিয়ে বিষধর সাপ মারার একটি শৈশবের স্মৃতির কথা উল্লেখ করেছিলেন। এর জবাবে ইরানি মুখপাত্র বলেন, আমেরিকার এই ধরনের দৃষ্টিভঙ্গি তাদের মৌলিক ভুল বোঝাবুঝিরই বহিঃপ্রকাশ।

বাঘাই স্মরণ করিয়ে দেন যে, এক শতাব্দীরও বেশি সময় আগে ব্রিটিশ সাম্রাজ্য বর্তমান ইরানের বুশেহর ও তাঙ্গেস্তান অঞ্চলে সর্বশক্তি নিয়ে হামলা চালিয়েছিল এবং রইস আলী দেলভারিকে হত্যা করেছিল। কিন্তু তাতেও ইরানের স্বাধীনতার সংগ্রাম ও প্রতিরোধ থামেনি।

মার্কিন প্রশাসনের যেকোনো অনৈতিক চাপ ও আগ্রাসনের বিরুদ্ধে ইরান ঐতিহাসিকভাবে অটল রয়েছে উল্লেখ করে বাঘাই বলেন, 'আমেরিকার একচ্ছত্র ক্ষমতার মোহ এবং তাদের নৈতিকতার দাবি আজ ভেঙে পড়েছে। ইতিহাস কোনো ব্যক্তির ছোটবেলার স্মৃতির উঠোনের চেয়ে অনেক বেশি বড়।'  সূত্র: মেহর নিউজ এজেন্সি 

এএস
আরও পড়ুন