ইয়েমেনের আল-ধালে প্রদেশে হুথি গোষ্ঠীর বিভিন্ন অবস্থান লক্ষ্য করে সুনির্দিষ্ট ড্রোন হামলা চালানোর দাবি করেছে দেশটির সরকারি বাহিনী।
শনিবার (১২ সেপ্টেম্বর) আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
ন্যাশনস শিল্ড ফোর্সেস এক বিবৃতিতে জানায়, আল-ধালে হুথিদের অবস্থান লক্ষ্য করে এই ড্রোন হামলা চালানো হয়। হামলার ভিডিও ফুটেজও প্রকাশ করেছে তারা। এতে ডজনখানেক হুথি সদস্যের একটি সমাবেশে বিমান হামলার দৃশ্য দেখা গেছে। তবে এ বিষয়ে হুথিদের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।
কয়েক বছরের আপেক্ষিক শান্তির পর জুলাইয়ের শুরু থেকে সরকারি বাহিনী ও হুথিদের মধ্যে সংঘর্ষ বেড়েছে। এর ফলে ইয়েমেনের বিভিন্ন অঞ্চলের নিয়ন্ত্রণের মানচিত্রেও পরিবর্তন এসেছে।
পশ্চিমাঞ্চলীয় তাইজ প্রদেশে অগ্রসর হয়ে মোখা উপকূলীয় শহর ও লোহিত সাগরের একটি বন্দর দখলের পর পুরো আল-হুদায়দাহ প্রদেশ নিয়ন্ত্রণে নেওয়ার দাবি করেছে হুথিরা। তাদের এই অগ্রগতির ফলে বিশ্ববাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ বাব আল-মানদেব প্রণালির কাছাকাছি পৌঁছে গেছে গোষ্ঠীটি।
অন্যদিকে, সৌদি সীমান্তসংলগ্ন উত্তরাঞ্চলীয় আল-জাউফ প্রদেশে সাফল্য পাওয়ার দাবি করেছে সরকারি বাহিনী। তারা প্রাদেশিক রাজধানী আল-হাজমের কাছাকাছি অবস্থান নিয়েছে বলে জানা গেছে। এ ছাড়া মারিব, আল-বায়দা ও আল-ধালে প্রদেশের বিভিন্ন ফ্রন্টে দুই পক্ষের মধ্যে লড়াই অব্যাহত রয়েছে।
২০১৪ সালের সেপ্টেম্বরে হুথিরা রাজধানী সানা ও কয়েকটি প্রদেশ দখল করার পর ইয়েমেনে সংকট শুরু হয়। পরে আন্তর্জাতিকভাবে স্বীকৃত ইয়েমেন সরকারকে সমর্থন দিতে ২০১৫ সালের মার্চে সৌদি নেতৃত্বাধীন আরব জোট যুদ্ধে হস্তক্ষেপ করে।
সূত্র: আনাদোলু এজেন্সি