হরমুজ প্রণালির কাছে মার্কিন যুদ্ধজাহাজ না আসার জন্য সতর্ক করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) নৌবাহিনী। একই সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নিয়ে করা দাবিকেও চ্যালেঞ্জ করেছে ইরান।
ইরানের বার্তা সংস্থা ফার্সের প্রতিবেদনে আইআরজিসি নৌবাহিনীর এক জ্যেষ্ঠ রাজনৈতিক কমান্ডারকে উদ্ধৃত করে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র যদি সত্যিই হরমুজ প্রণালির নিয়ন্ত্রণে থাকে, তাহলে একটি মার্কিন যুদ্ধজাহাজকে ১০০ কিলোমিটারের মধ্যে এনে দেখানো হোক।
ওই কর্মকর্তা বলেন, মার্কিন বাহিনী জানে যে হরমুজের কাছাকাছি তাদের কোনো যুদ্ধজাহাজ এলে ইরানি বাহিনী তার জবাব দেবে। সাম্প্রতিক দিনগুলোতেও এ ধরনের কয়েকটি ঘটনা ঘটেছে বলে দাবি করেন তিনি।
আইআরজিসির এই সতর্কবার্তা এমন সময়ে এলো, যখন হরমুজ প্রণালিকে ঘিরে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সামরিক উত্তেজনা অব্যাহত রয়েছে। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহনপথ হওয়ায় এই জলপথের নিয়ন্ত্রণ ও নিরাপত্তা নিয়ে দুই দেশের পাল্টাপাল্টি অবস্থান আন্তর্জাতিক মহলেও উদ্বেগ তৈরি করেছে।
ইরানের পক্ষ থেকে দীর্ঘদিন ধরেই বলা হচ্ছে, হরমুজ প্রণালির নিরাপত্তা ও জাহাজ চলাচলের বিষয়ে তেহরানের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। অন্যদিকে যুক্তরাষ্ট্র হরমুজ দিয়ে আন্তর্জাতিক জাহাজ চলাচল নিরাপদ রাখার বিষয়ে নিজেদের সামরিক উপস্থিতি জোরদার করার চেষ্টা করছে।
সাম্প্রতিক সময়ে হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজের চলাচলও উল্লেখযোগ্যভাবে কমে গেছে। নিরাপত্তা ঝুঁকি এবং বিভিন্ন জাহাজে হামলার ঘটনায় আন্তর্জাতিক শিপিং খাতে উদ্বেগ বাড়ছে।
আইআরজিসি কর্মকর্তার সর্বশেষ বক্তব্য থেকে স্পষ্ট, হরমুজকে ঘিরে যুক্তরাষ্ট্র ও ইরানের সামরিক অবস্থান এখনো মুখোমুখি। মার্কিন যুদ্ধজাহাজ ও ইরানি বাহিনীর মধ্যে সরাসরি কোনো সংঘর্ষ হলে পরিস্থিতি দ্রুত আরও বড় আকারের সামরিক সংকটে রূপ নিতে পারে।
তবে ইরানের কর্মকর্তার দাবিগুলো স্বাধীনভাবে যাচাই করা হয়নি। হরমুজ প্রণালিতে মার্কিন ও ইরানি বাহিনীর সাম্প্রতিক ঘটনাগুলোর বিস্তারিত পরিস্থিতি নিয়েও দুই পক্ষের বক্তব্যে পার্থক্য রয়েছে।