হরমুজে নৌমাইনের আঘাতে ৩ ট্যাংকারে আগুন

আপডেট : ২৯ অক্টোবর ২০২৬, ০৪:৪৩ পিএম

হরমুজ প্রণালির অননুমোদিত রুট ব্যবহার করতে গিয়ে নৌমাইনের আঘাতে অগ্নিকাণ্ডের শিকার হয়েছে তিনটি তেলবাহী ট্যাংকার। ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) নৌবাহিনীর বরাতে ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম এ তথ্য নিশ্চিত করেছে।

প্রাপ্ত তথ্যে জানা যায়, ট্যাংকারগুলো আইআরজিসি নৌবাহিনীর একাধিক সরাসরি সতর্কবার্তা উপেক্ষা করে প্রণালির অননুমোদিত দক্ষিণ পথ দিয়ে চলাচলের চেষ্টা করছিল। ধরাছোঁয়া এড়াতে জাহাজগুলো তাদের সব ধরনের রাডার ও নেভিগেশন সিস্টেম পুরোপুরি বন্ধ রাখে।

তবে অননুমোদিত ওই পথে নৌমাইনের মুখে পড়ে জাহাজগুলোতে বিকট শব্দে আগুন ধরে যায়। পরিস্থিতির ভয়াবহতায় নাবিকরা ট্যাংকারগুলো ছেড়ে পালাতে বাধ্য হন এবং পরবর্তীতে সেগুলো হরমুজ প্রণালির দক্ষিণ উপকূলে পরিত্যাক্ত অবস্থায় পড়ে থাকে।

এই দুর্ঘটনার পর ওই অঞ্চলের পরিবেশগত মারাত্মক ক্ষতির বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছে আইআরজিসি নৌবাহিনী। তাদের মতে, অননুমোদিত ওই সমুদ্রপথটি বর্তমানে মারাত্মকভাবে দূষিত হয়ে পড়েছে। নিয়ম ভেঙে ও সতর্কবার্তা উপেক্ষা করে ঝুঁকির মুখে জাহাজ চালনার জন্য এর মালিক ও ক্রু-দের সম্পূর্ণ দায়ভার বহন করতে হবে বলে সাফ জানিয়ে দেওয়া হয়েছে।

একই সাথে আন্তর্জাতিক শিপিং অপারেটরদের উদ্দেশ্যে কঠোর বার্তা দিয়ে আইআরজিসি বলেছে, তারা যেন আমেরিকার মার্কিন সেন্ট্রাল কমান্ডের (সেন্টকম) সাইবার স্পেসের বিভ্রান্তিকর আশ্বাসে কান না দেন। উক্ত অঞ্চলে যে কোনো ধরনের উসকানিমূলক পদক্ষেপ নেওয়া হলে তার উপযুক্ত ও কঠোর জবাব দেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেওয়া হয়েছে। সূত্র: আলজাজিরা

এএস
আরও পড়ুন
সর্বশেষপঠিত