কাতারে নিখোঁজ তিন ইরানি পাইলটের তথ্য চায় রেড ক্রিসেন্ট

কাতারে নিখোঁজ তিন ইরানি পাইলটের অবস্থান ও পরিস্থিতি স্পষ্ট করতে দেশটির রেড ক্রিসেন্টের প্রতি আহ্বান জানিয়েছেন ইরানি রেড ক্রিসেন্টের প্রধান পিরহোসেইন কোলিভান্দ। কাতারের মাটিতে ওই তিন পাইলটের উপস্থিতির প্রমাণ রয়েছে উল্লেখ করে তাদের বিষয়ে তথ্য সংগ্রহে সহযোগিতা চেয়েছেন তিনি।

কোলিভান্দ বলেন, নিখোঁজ তিন পাইলটের বিষয়ে তথ্য পেতে কাতারি রেড ক্রিসেন্টকে তাদের নিজস্ব যোগাযোগের মাধ্যম ব্যবহার করতে হবে। রেড ক্রিসেন্ট ও রেড ক্রসের নিরপেক্ষ মানবিক ভূমিকার মাধ্যমে তথ্য সংগ্রহ করে পাইলটদের উদ্বিগ্ন পরিবারের প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করা সম্ভব বলেও জানান তিনি।

তিনি বলেন, বর্তমান পরিস্থিতিতে নিখোঁজ ব্যক্তিদের বিষয়ে তথ্য পাওয়ার জন্য রেড ক্রিসেন্টই সবচেয়ে উপযুক্ত সংস্থা। পাইলটদের অবস্থান ও তাদের সঙ্গে কী ঘটেছে, তা জানতে কাতারি রেড ক্রিসেন্টের সহযোগিতা জরুরি বলেও তিনি উল্লেখ করেন।

এ সময় ইরান ও কাতারের জাতীয় রেড ক্রিসেন্ট সংস্থার মধ্যে দ্বিপক্ষীয় সহযোগিতা আরও জোরদারের ওপর গুরুত্ব দেন কোলিভান্দ। ত্রাণ, উদ্ধার, প্রশিক্ষণ ও অভিজ্ঞতা বিনিময়ের ক্ষেত্রে সহযোগিতা বাড়ানোর পাশাপাশি আগের সমঝোতা স্মারক নবায়ন ও হালনাগাদের মাধ্যমে এই সম্পর্ক আরও বিস্তৃত করার প্রস্তাব দেন তিনি।

কাতারি রেড ক্রিসেন্টের কর্মকর্তারা দুই দেশের মধ্যে সহযোগিতা বাড়াতে প্রস্তুতির কথা জানান। পাশাপাশি নিখোঁজ তিন ইরানি পাইলটের বিষয়ে তথ্য সংগ্রহ ও তাদের অবস্থান অনুসন্ধানে প্রয়োজনীয় সহযোগিতা করার আশ্বাস দেন তারা। সূত্র: মেহর নিউজ এজেন্সি