যুক্তরাষ্ট্রের আপত্তির কারণে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার বার্ষিক সম্মেলনে যোগ দিতে ভিয়েনা যেতে পারেননি ইরানের পরমাণু সংস্থার প্রধান মোহাম্মদ ইসলামি। ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম জানিয়েছে, শনিবার (১২ সেপ্টেম্বর) নিয়মিত ফ্লাইটে ইসলামি ও তার প্রতিনিধিদল ভিয়েনার উদ্দেশে রওনা হলেও পথে তাদের আটকে দেওয়া হয়।
অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার সদর দপ্তরে চলমান বার্ষিক সম্মেলনে ইসলামির অংশ নেওয়ার কথা ছিল। সম্মেলনটি শুক্রবার পর্যন্ত চলবে। তবে ভিয়েনায় পৌঁছানোর আগেই মার্কিন বাধার কারণে ইরানি প্রতিনিধিদলের যাত্রা আটকে যায় বলে দাবি করেছে তেহরান।
এ ঘটনায় অস্ট্রিয়ার ভারপ্রাপ্ত রাষ্ট্রদূতকে তলব করেছে ইরান। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকেরি বলেন, ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রতিনিধিদলকে ভিসা দিতে অস্ট্রিয়া সরকারের অস্বীকৃতি সম্পূর্ণ অযৌক্তিক সিদ্ধান্ত।
বাকেরি আরও বলেন, ঘটনাটি যে মার্কিন চাপের কারণে ঘটেছে, তা ইরানের কাছে স্পষ্ট। তবে এ কারণে অস্ট্রিয়া সরকার তার দায় থেকে মুক্তি পাবে না বলেও সতর্ক করেন তিনি।
আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার বৈঠকে ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে আন্তর্জাতিক পর্যায়ে আলোচনা চলার মধ্যেই ইসলামিকে ভিয়েনা যেতে বাধা দেওয়ার ঘটনা ঘটল। এতে ইরান ও পশ্চিমা দেশগুলোর মধ্যে চলমান উত্তেজনার পাশাপাশি তেহরান-ভিয়েনা সম্পর্ক নিয়েও নতুন করে টানাপোড়েন তৈরি হয়েছে। সূত্র: আলজাজিরা
প্রক্সি গোষ্ঠী ব্যবহারে মধ্যপ্রাচ্যে ‘দ্বিমুখী খেলা’ খেলছে ইরান
সৌদির কিং খালিদ ঘাঁটিতে হুথিদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা