ইরানে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে দুই সন্ত্রাসী নিহত

ইরানের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় জাহেদান শহরে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সশস্ত্র সংঘর্ষে জইশ আল-আদল গোষ্ঠীর দুই সদস্য নিহত এবং আরও একজন আহত হয়ে আটক হয়েছেন। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) রাতে সিস্তান ও বেলুচিস্তান প্রদেশের রাজধানী জাহেদানের ইউনিভার্সিটি স্ট্রিটে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

ইরানের তাসনিম নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) রাতে টহল দেওয়ার সময় ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর গোয়েন্দা সদস্যরা ইউনিভার্সিটি স্ট্রিটে একটি সন্দেহজনক গাড়ির গতিবিধি লক্ষ্য করেন। পরে তারা গাড়িটির কাছে গিয়ে ভেতরে থাকা ব্যক্তিদের থামার নির্দেশ দেন।

নিরাপত্তা বাহিনীর সদস্যরা গাড়িটির আরোহীদের সতর্ক করার পর তাদের কাছে অস্ত্র রয়েছে বলে নিশ্চিত হন। এরপরই উভয় পক্ষের মধ্যে সশস্ত্র সংঘর্ষ শুরু হয়।

সংঘর্ষের সময় জইশ আল-আদল গোষ্ঠীর দুই সশস্ত্র সদস্য নিহত হন। আরও একজন সদস্য সংঘর্ষে আহত হন। পরে নিরাপত্তা বাহিনী তাকে আটক করে।

ইরানি সংবাদমাধ্যমটির প্রতিবেদনে জইশ আল-আদলকে সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে উল্লেখ করা হয়েছে। সংগঠনটি জইশ আল-জুলম নামেও পরিচিত বলে প্রতিবেদনে জানানো হয়েছে। সূত্র: তাসনিম নিউজ এজেন্সি