চলমান তীব্র উত্তেজনার মধ্যেও একটি সমঝোতায় পৌঁছাতে এখনও আগ্রহী যুক্তরাষ্ট্র ও ইরান। সাবেক রিপাবলিকান স্ট্র্যাটেজিস্ট এবং হোয়াইট হাউস ও জাতীয় নিরাপত্তা পরিষদের সাবেক কর্মকর্তা মার্ক ফাইফেল আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে এই সম্ভাবনার কথা তুলে ধরেছেন।
তিনি জানান, আন্তর্জাতিক কূটনীতিতে মাঝে মাঝে মূল সংবাদের বাইরে টেবিলে রাখা শর্তগুলোই মূল ইঙ্গিত দেয়। ফাইফেল উল্লেখ করেন, ইরানের নিরাপত্তা প্রধান মহসেন রেজাই যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার পরিবেশ তৈরির বিষয়ে সাম্প্রতিক বক্তব্যে কয়েকটি পুরোনো দাবি বাদ দিয়েছেন।
ফাইফেল বলেন, মহসেন রেজাই যখন যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার বিষয়ে তার শর্তগুলো আবার তুলে ধরেন, তখন তিনি মূলত অবরোধ প্রত্যাহার, জব্দ করা অর্থ ছাড় এবং হামলা বন্ধের কথাই বলেছেন। তবে তিনি এর আগে উত্থাপিত ক্ষতিপূরণ ও পুনর্গঠন তহবিলের মতো দাবিগুলো এবার পুরোপুরি এড়িয়ে গেছেন।
তিনি আরও যোগ করেন, উভয় পক্ষ থেকে কঠোর সামরিক বার্তা দেওয়া হলেও, এই পরিবর্তনটি একটি বড় বার্তা দেয়। এটি প্রমাণ করে যে, যুক্তরাষ্ট্রের টানা কূটনৈতিক ও অর্থনৈতিক চাপ ইরানের ওপর কাজ করছে। এর অর্থ দাঁড়ায়, দুই দেশই আগামী সপ্তাহগুলোতে কূটনৈতিক উপায়ে সমঝোতায় আসার একটা পথ খুঁজছে।
সূত্র: আল-জাজিরা