এডেন, লাহজ ও তাইজ শহরকে সংযুক্তকারী একটি গুরুত্বপূর্ণ সড়কের কাছে হুথি বিদ্রোহীদের অনুপ্রবেশের চেষ্টা প্রতিহত করার দাবি করেছে ইয়েমেনের সরকারপন্থী সেনাবাহিনী। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) তাইজ প্রদেশে এই সংঘর্ষের কথা জানায় দেশটির সশস্ত্র বাহিনী।
সেনাবাহিনীর ভাষ্যমতে, বুধবার স্থানীয় সময় রাত ১০টা ১০ মিনিটের দিকে হুথি যোদ্ধারা হাইফান এলাকার ওয়াদি আল-মাকাতরাহ লক্ষ্য করে অনুপ্রবেশের চেষ্টা চালালে এই হামলার সূত্রপাত হয়।
ইয়েমেনের সশস্ত্র বাহিনীর এক বিবৃতি অনুযায়ী, তাইজ ও আল-তুরবাহ সামরিক অক্ষের ইউনিট, জায়ান্টস ব্রিগেড এবং জনপ্রতিরোধ বাহিনী এই লড়াইয়ে অংশ নেয়। বাহিনীর দাবি, হামলাকারীরা পিছু হটতে বাধ্য হয় এবং জনবল ও সামরিক সরঞ্জামে ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার হয়।
সেনাবাহিনী জানায়, সংঘর্ষের পর তাদের বাহিনী ওই এলাকা ও সড়কটির নিয়ন্ত্রণ সুরক্ষিত করে নেয়। এডেন, লাহজ ও তাইজের মধ্যে বেসামরিক ও বাণিজ্যিক চলাচলের ক্ষেত্রে এই সড়ক অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি রুট হিসেবে বিবেচিত।
বিবৃতিতে এই হামলাকে তাইজ ফ্রন্টলাইনে সাম্প্রতিক সময়ে হুথিদের একের পর এক অগ্রগতি অর্জনের চেষ্টার অংশ বলে বর্ণনা করা হয়। সরাসরি সংঘর্ষে লক্ষ্য অর্জনে ব্যর্থ হওয়ার পর গোষ্ঠীটি এখন অনুপ্রবেশমূলক অভিযান এবং গুরুত্বপূর্ণ সড়কগুলো হুমকির মুখে ফেলার কৌশলে সরে এসেছে বলেও উল্লেখ করা হয়েছে বিবৃতিতে।
ইয়েমেনের সশস্ত্র বাহিনী জানায়, তাদের ইউনিটগুলো সর্বোচ্চ সতর্কাবস্থায় রয়েছে এবং গুরুত্বপূর্ণ সড়কগুলোয় চলাচল ব্যাহত করার যেকোনো ভবিষ্যৎ চেষ্টা বা হামলা ঠেকাতে সম্পূর্ণ প্রস্তুত রয়েছে তারা।
সূত্র: আরব নিউজ