ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান রোববার (২৭ সেপ্টেম্বর) দেশজুড়ে ৩৫০ ট্রিলিয়ন রিয়াল বিনিয়োগে নির্মিত ২৪৬টি পর্যটন প্রকল্প উদ্বোধন করেছেন। অনলাইনে এসব প্রকল্পের উদ্বোধন করেন তিনি। প্রকল্পগুলো বাস্তবায়নের ফলে প্রায় ৩ হাজার ২০০ কর্মসংস্থান সৃষ্টি হবে বলে জানানো হয়েছে।
ইরানে পর্যটন সপ্তাহের শুরু উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এসব প্রকল্প উদ্বোধন করা হয়। এ সময় দেশের পর্যটন খাতের উন্নয়ন এবং প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সাংস্কৃতিক ও পর্যটন সহযোগিতা বাড়ানোর ওপর গুরুত্ব দেন পেজেশকিয়ান।
তিনি বলেন, যুক্তরাষ্ট্রের আরোপ করা বিধিনিষেধের মুখে প্রতিবেশী দেশগুলোর সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। দেশের উন্নয়নের জন্য প্রতিবেশী রাষ্ট্রগুলোকে গুরুত্বপূর্ণ সক্ষমতা হিসেবে উল্লেখ করেন তিনি।
পেজেশকিয়ান বলেন, প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সাংস্কৃতিক, পর্যটন ও বাণিজ্যিক যোগাযোগ বাড়ানো ইরানকে উন্নয়ন ও সমৃদ্ধির পথে এগিয়ে নিতে সহায়তা করতে পারে।
অনুষ্ঠানে ইরানের ঐতিহাসিক ঐতিহ্যের বিষয়টিও তুলে ধরেন প্রেসিডেন্ট। তিনি বলেন, দেশটিতে প্রায় ১০ লাখ ঐতিহাসিক স্থাপনা ও নিদর্শন রয়েছে। এর মধ্যে ৪৩ হাজার ইতোমধ্যে নিবন্ধিত হয়েছে।
ইরানের দীর্ঘদিনের সভ্যতার ইতিহাস তুলে ধরে পেজেশকিয়ান বলেন, যুক্তরাষ্ট্র ইরানকে মুছে ফেলা, ধ্বংস করা ও উৎখাত করার স্বপ্ন দেখবে। তবে ইরানের জনগণ শক্তি ও দৃঢ় সংকল্পের মাধ্যমে সব বাধা অতিক্রম করবে বলেও মন্তব্য করেন তিনি। সূত্র: ইসলামিক রিপাবলিক নিউজ এজেন্সি