নিউইয়র্কে আরাঘচি-হাকান ফিদান বৈঠক

আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১২ পিএম

নিউইয়র্কে জাতিসংঘের ৮১তম সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাইয়্যেদ আব্বাস আরাঘচি ও তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান বৈঠক করেছেন। শনিবার (২৬ সেপ্টেম্বর) রাতে অনুষ্ঠিত এ বৈঠকে দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্কের পাশাপাশি আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন পরিস্থিতি নিয়ে আলোচনা হয়।

বৈঠকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী সর্বশেষ আঞ্চলিক পরিস্থিতি ও এ বিষয়ে ইরানের অবস্থান তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর কাছে তুলে ধরেন। তিনি বলেন, বর্তমান পরিস্থিতি, বিশেষ করে হরমুজ প্রণালিতে সৃষ্ট নিরাপত্তাহীনতা, ২৮ ফেব্রুয়ারি শুরু হওয়া যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের আগ্রাসনের সরাসরি ফল। তার দাবি, ওই আগ্রাসন বিভিন্ন রূপে এখনো অব্যাহত রয়েছে।

আঞ্চলিক শান্তি ও নিরাপত্তা জোরদারে তুরস্কের নেওয়া ‘সুপ্রশাসনমূলক উদ্যোগের’ জন্য ফিদানকে ধন্যবাদ জানান আরাঘচি। একই সঙ্গে তিনি বলেন, যুক্তরাষ্ট্রের প্রতিশ্রুতি ভঙ্গের কারণে ইসলামাবাদ সমঝোতা স্মারক স্বাক্ষরের তিন সপ্তাহেরও কম সময়ের মধ্যে লঙ্ঘিত হয়েছে। এর প্রভাব শুধু সংশ্লিষ্ট দেশগুলোর মধ্যে সীমাবদ্ধ থাকেনি, বরং পুরো অঞ্চল এবং বিশ্বের ওপরও পড়েছে বলে মন্তব্য করেন তিনি।

আরাঘচি আঞ্চলিক শান্তি ও নিরাপত্তা পুনঃপ্রতিষ্ঠায় সব দেশের একসঙ্গে কাজ করার গুরুত্ব তুলে ধরেন। এ ক্ষেত্রে পারস্পরিক আস্থা জোরদারের ওপর বিশেষ গুরুত্ব দেন তিনি।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, আঞ্চলিক দেশগুলোর পারস্পরিক আস্থা বাড়ানোর পাশাপাশি যুক্তরাষ্ট্রের সামরিক ও অর্থনৈতিক হস্তক্ষেপমূলক এবং অবৈধ পদক্ষেপ অনুসরণ করা থেকে বিরত থাকা প্রয়োজন। এই লক্ষ্য অর্জনে সহযোগিতা করতে ইরান প্রস্তুত বলেও জানান তিনি।

এদিকে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনা নিরসনে সংলাপ ও আলোচনার গুরুত্বের কথা তুরস্কসহ কয়েকটি আঞ্চলিক দেশ বারবার তুলে ধরেছে। এমন পরিস্থিতির মধ্যেই নিউইয়র্কে ইরান ও তুরস্কের শীর্ষ কূটনীতিকদের মধ্যে এ বৈঠক অনুষ্ঠিত হলো। সূত্র: মেহর নিউজ এজেন্সি 

এএস
আরও পড়ুন
সর্বশেষপঠিত