ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন উজবেকিস্তানের প্রেসিডেন্ট শাভকাত মিরজিয়োয়েভ। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) ফোনালাপে পেজেশকিয়ানকে শুভেচ্ছা জানানোর পাশাপাশি তাঁর সুস্বাস্থ্য ও দায়িত্ব পালনে সাফল্য কামনা করেন উজবেক প্রেসিডেন্ট।
ফোনালাপে মিরজিয়োয়েভ পেজেশকিয়ানের নেতৃত্বে আঞ্চলিক ও আন্তর্জাতিক অঙ্গনের সংবেদনশীল ও জটিল পরিস্থিতিতে শান্তি, স্থিতিশীলতা ও উন্নয়ন এগিয়ে নেওয়ার প্রচেষ্টার প্রশংসা করেন। একই সঙ্গে দুই দেশের অভিন্ন স্বার্থ এগিয়ে নিতে কূটনৈতিক যোগাযোগ ও পারস্পরিক আদান-প্রদান আরও বাড়ানোর ওপর গুরুত্ব দেন তিনি।
এ সময় ইরান ও উজবেকিস্তানের মধ্যকার বন্ধুত্বপূর্ণ ও ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক আরও গভীর করার প্রয়োজনীয়তার কথাও উঠে আসে। বিদ্যমান সম্ভাবনাগুলো কাজে লাগিয়ে বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা সম্প্রসারণের ওপর জোর দেন দুই দেশের প্রেসিডেন্ট।
পেজেশকিয়ান বলেন, যৌথ প্রচেষ্টার মাধ্যমে উজবেকিস্তানের সঙ্গে সম্পর্ক আরও শক্তিশালী করতে ইরান দৃঢ়প্রতিজ্ঞ। প্রতিবেশী, বন্ধুত্বপূর্ণ ও অভিন্ন দৃষ্টিভঙ্গির দেশগুলোর সঙ্গে সম্পর্ক জোরদার করাকে তেহরানের পররাষ্ট্রনীতির অন্যতম অগ্রাধিকার বলেও উল্লেখ করেন তিনি।
ইরানের প্রেসিডেন্ট দুই দেশের মধ্যে সহযোগিতার পরিধি বাড়ানোর পাশাপাশি দুই দেশের জনগণের মধ্যকার সম্পর্ক আরও ঘনিষ্ঠ করার আহ্বান জানান।
জবাবে মিরজিয়োয়েভ বলেন, তেহরান ও তাশখন্দের সম্পর্ক বিভিন্ন ক্ষেত্রে ধারাবাহিকভাবে সম্প্রসারিত হচ্ছে। কূটনৈতিক যোগাযোগ ও পারস্পরিক পরামর্শের মাধ্যমে দ্বিপক্ষীয় সহযোগিতা আরও জোরদার করতে উজবেকিস্তানও দৃঢ়প্রতিজ্ঞ বলে জানান তিনি।
ফোনালাপের শেষ পর্যায়ে মিরজিয়োয়েভ ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সাইয়্যেদ মোজতবা হোসেইনি খামেনির কাছেও তাঁর শুভেচ্ছা পৌঁছে দিতে পেজেশকিয়ানকে অনুরোধ করেন। সূত্র: ইসলামিক রিপাবলিক নিউজ এজেন্সি