ইরানের ওপর আরোপিত নিষেধাজ্ঞা পর্যবেক্ষণের মেয়াদ বাড়াতে যুক্তরাষ্ট্রের নেতৃত্বে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে তোলা প্রস্তাবে ভেটো দেওয়ায় চীন ও রাশিয়ার প্রশংসা করেছে জাতিসংঘে ইরানের মিশন। দেশ দুটি যথার্থভাবেই প্রস্তাবটি আটকে দিয়েছে বলে মন্তব্য করেছে তেহরান।
সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে ইরানের জাতিসংঘ মিশন বলেছে, নিষেধাজ্ঞা পর্যবেক্ষণসংক্রান্ত প্রস্তাবে ভেটোর বিষয়ে জাতিসংঘ সাধারণ পরিষদের বৈঠকে তারা নিজেদের অবস্থান তুলে ধরেছে। সেখানে জাতিসংঘ সনদ সমুন্নত রাখার জন্য নিরাপত্তা পরিষদের প্রতি আহ্বান জানানো হয়েছে।
ইরানি মিশন বলেছে, জাতিসংঘ সনদ লঙ্ঘনকারীদের সংকীর্ণ স্বার্থ রক্ষার পরিবর্তে নিরাপত্তা পরিষদকে অবশ্যই জাতিসংঘ সনদের নীতির প্রতি দায়বদ্ধ থাকতে হবে। তাদের ভাষ্য, চীন ও রাশিয়ার ভেটো সেই অবস্থানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।
বিবৃতিতে আরও বলা হয়, পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ ও আন্তর্জাতিক আইন নিয়ে ইরানকে নসিহত করার নৈতিক বা রাজনৈতিক বিশ্বাসযোগ্যতা যুক্তরাষ্ট্র ও তার পশ্চিমা মিত্রদের নেই। কারণ, ইরানের মিশনের অভিযোগ অনুযায়ী, তারাই আন্তর্জাতিক আইন ও পারমাণবিক অস্ত্র বিস্তার রোধের নীতিকে লঙ্ঘন করছে এবং ইসরায়েলকে জবাবদিহি থেকে সুরক্ষা দিচ্ছে।
ইরানের মিশন আরও অভিযোগ করেছে, ইসরায়েলের পারমাণবিক অস্ত্রভান্ডার নিয়েও পশ্চিমা দেশগুলো নীরব রয়েছে। এ অবস্থায় ইরানের ওপর নিষেধাজ্ঞা পর্যবেক্ষণের উদ্যোগকে তারা দ্বিমুখী নীতি হিসেবে দেখছে।
এর আগে জাতিসংঘে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মাইক ওয়াল্টজ জানিয়েছিলেন, চীন ও রাশিয়ার ভেটোর পর ইরানের ওপর নিষেধাজ্ঞা পর্যবেক্ষণের জন্য যুক্তরাষ্ট্র নিজস্ব বিশেষজ্ঞ প্যানেল গঠনের উদ্যোগ নেবে। সূত্র: আলজাজিরা