আরব দেশ থেকে ইরানে হামলা হলে ইউরোপও নিরাপদ থাকবে না: ইমাম মাসউদ

আপডেট : ০২ অক্টোবর ২০২৬, ০৬:৪৪ পিএম

আরব দেশগুলোর ভূখণ্ড বা আকাশসীমা ব্যবহার করে ইরানে হামলা চালানো হলে ইউরোপও নিরাপদ থাকবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন দেশটির এক ধর্মীয় নেতা।

শুক্রবার (২ অক্টোবর) হরমুজ দ্বীপে জুমার নামাজের খুতবায় এ সতর্কবার্তা দেন দ্বীপটির অন্তর্বর্তীকালীন জুমার নামাজের ইমাম মাসউদ শাহদুস্তি।

তিনি বলেন, আঞ্চলিক কোনো দেশের ভূখণ্ড বা আকাশসীমা ব্যবহার করে ইরানের বিরুদ্ধে হামলা চালানো হলে তেহরান আর সংযম দেখাবে না।

শাহদুস্তির ভাষ্য, 'আমরা আপনাদের ওপর প্রাণঘাতী ও বিধ্বংসী আঘাত হানব। এতে শুধু অঞ্চলেই শান্তি থাকবে না, ইউরোপও নিরাপদ থাকবে না।'

ইরানি এই ধর্মীয় নেতার বক্তব্য এমন এক সময়ে এলো, যখন হরমুজ প্রণালিকে ঘিরে সামরিক ও নৌ-নিরাপত্তা পরিস্থিতি অত্যন্ত স্পর্শকাতর। আন্তর্জাতিক মেরিটাইম অর্গানাইজেশন (আইএমও) জানিয়েছে, চলমান সংঘাতের কারণে প্রণালিতে বাণিজ্যিক জাহাজ চলাচল এখনো উচ্চ ঝুঁকির মধ্যে রয়েছে এবং নিরাপদ চলাচলের জন্য নির্ভরযোগ্য নিরাপত্তা নিশ্চয়তা নেই।

এর আগে হরমুজ প্রণালিতে ইরানের নিয়ন্ত্রণ ও জাহাজ চলাচল নিয়ে দেশটির কর্মকর্তারা একাধিক কঠোর বক্তব্য দিয়েছেন। ইউরোপীয় ইউনিয়নের কাউন্সিলের তথ্য অনুযায়ী, ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের নৌবাহিনী প্রণালিতে জাহাজ চলাচল নিয়ন্ত্রণ এবং টোল আদায়ের একটি ব্যবস্থা চালু করেছে বলে অভিযোগ রয়েছে।

শাহদুস্তির সর্বশেষ বক্তব্যে নির্দিষ্ট কোনো আরব দেশের নাম উল্লেখ করা হয়নি। তবে তার বক্তব্য থেকে বোঝা যায়, আঞ্চলিক কোনো দেশের ভূখণ্ড বা আকাশসীমা ব্যবহার করে ইরানে হামলা হলে তার প্রতিক্রিয়া শুধু ওই দেশেই সীমাবদ্ধ থাকবে না, এমন বার্তাই দিতে চেয়েছেন তিনি।

এএস
আরও পড়ুন
সর্বশেষপঠিত