শেষ পর্যন্ত ইরান সরকারের পতন হবে: নেতানিয়াহু

ইরানের বর্তমান সরকারের শেষ পর্যন্ত পতন হবে বলে দাবি করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। একই সঙ্গে ইরানের নেতৃত্বের বিরোধীদের আস্থা না হারানোর আহ্বান জানিয়েছেন তিনি।

শনিবার (৩ অক্টোবর) প্রকাশিত ডেইলি মেইলকে দেওয়া এক সাক্ষাৎকারে নেতানিয়াহু বলেন, এই শাসনব্যবস্থার পতন হবে। সময় লাগে, কিন্তু তারা পতন হবে।

ইরানের সরকারবিরোধীদের উদ্দেশে তিনি বলেন, আস্থা হারাবেন না। আপনাদের স্বাধীনতার দিন আসবে।

ইরানের শাসনব্যবস্থার পতন নিয়ে নেতানিয়াহুর এমন বক্তব্য অবশ্য নতুন নয়। এর আগেও তিনি একাধিকবার ইরানের সরকার পতনের সম্ভাবনার কথা বলেছেন। তবে গত মে মাসে তিনি স্বীকার করেছিলেন, কখন বা আদৌ ইরানের সরকার পতন হবে কি না, তা নিশ্চিতভাবে বলা যায় না।

সাক্ষাৎকারে ইরানের বিরুদ্ধে নিজ দেশের নাগরিকদের ওপর দমন-পীড়নের অভিযোগও করেন নেতানিয়াহু। একই সঙ্গে তিনি দাবি করেন, তেহরানের আঞ্চলিক কর্মকাণ্ড পশ্চিমা দেশগুলোর অর্থনীতি ও জ্বালানি সরবরাহের ওপরও চাপ তৈরি করছে।

ব্রিটেনে ইরানবিরোধী ক্ষোভ তুলনামূলকভাবে কম কেন, তা নিয়েও প্রশ্ন তোলেন নেতানিয়াহু। বিক্ষোভকারীরা কেন ইরানি দূতাবাসের সামনে বিক্ষোভ করছেন না, সে প্রশ্নও করেন তিনি। ব্রিটিশ সরকারের ইরান ও দেশটির মিত্র গোষ্ঠীগুলোর ওপর আরও চাপ প্রয়োগ করা উচিত বলেও মন্তব্য করেন ইসরায়েলি প্রধানমন্ত্রী।