জনসমর্থন নিয়ে ইরানের পুলিশকে শক্তিশালী, বুদ্ধিদীপ্ত ও পেশাদার বাহিনীর প্রতীক হিসেবে উল্লেখ করেছেন ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর প্রধান কমান্ডার মেজর জেনারেল আহমাদ ভাহিদি।
শনিবার (৩ অক্টোবর) পুলিশ সপ্তাহ উপলক্ষে দেওয়া এক বার্তায় তিনি বলেন, ইরানের আইনশৃঙ্খলা বাহিনী বর্তমানে জনসমর্থনে শক্তিশালী, কর্তৃত্বপূর্ণ, বুদ্ধিদীপ্ত ও পেশাদার পুলিশ বাহিনীর প্রতীক হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করেছে। বিশ্বস্ত ও বিপ্লবী সদস্যদের ওপর নির্ভর করে বাহিনীটি কাজ করছে বলেও উল্লেখ করেন তিনি।
ভাহিদির ভাষ্য, অন্যান্য সশস্ত্র বাহিনী ও নিরাপত্তা সংস্থার সঙ্গে সমন্বয়ের মাধ্যমে ইরানের পুলিশ দেশজুড়ে সামাজিক নিরাপত্তা ও শান্তি সুসংহত করতে সক্ষম হয়েছে। ইসলামি বিপ্লব ও ইসলামি প্রজাতন্ত্রের শত্রুদের প্রত্যাশা ও বিদ্বেষপূর্ণ পরিকল্পনার বিপরীতে এ সাফল্য অর্জিত হয়েছে বলেও তিনি মন্তব্য করেন।
পুলিশ সপ্তাহ উপলক্ষে আইনশৃঙ্খলা বাহিনীর প্রধান ব্রিগেডিয়ার জেনারেল আহমাদ-রেজা রাদানকে অভিনন্দন জানান ভাহিদি। একই সঙ্গে বাহিনীটির নিহত সদস্য, যুদ্ধাহত প্রবীণ এবং আত্মোৎসর্গকারী সদস্যদের স্মরণ করেন তিনি।
বিশেষ করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে দেশের দ্বিতীয় ও তৃতীয় যুদ্ধ এবং ১৯৮০ থেকে ১৯৮৮ সাল পর্যন্ত ইরাকের সঙ্গে সংঘটিত আট বছরের যুদ্ধে নিহত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের আত্মত্যাগের কথা উল্লেখ করেন ভাহিদি। দেশের আন্তর্জাতিক মর্যাদা সমুন্নত রাখতে তাদের আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা জানান তিনি। সূত্র: মেহর নিউজ এজেন্সি
২৪ ঘণ্টায় সরকারি বাহিনীর হামলায় ১,৫৪০ হুথি হতাহত
ইরানে নাশকতার অভিযোগে চার সংগঠিত নেটওয়ার্কের ৩১ সদস্য গ্রেপ্তার
কানাডায় আদিবাসী শিশুদের ওপর নির্যাতনের সমালোচনা ইরানের