সন্ত্রাসবিরোধী মহড়ায় অংশ নিতে বেলারুশে আইআরজিসির স্পেশাল ইউনিট

সাংহাই সহযোগিতা সংস্থার (এসসিও) সদস্য দেশগুলোর যৌথ সন্ত্রাসবিরোধী সামরিক মহড়ায় অংশ নিতে ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর স্থলবাহিনীর একটি স্পেশাল ইউনিট বেলারুশে পৌঁছেছে।

আইআরজিসির স্থলবাহিনী জানিয়েছে, ইরানের সশস্ত্র বাহিনীর প্রতিনিধিত্বকারী স্পেশাল ইউনিটটি বেলারুশে আয়োজিত সাংহাই সহযোগিতা সংস্থার সদস্য দেশগুলোর যৌথ সন্ত্রাসবিরোধী মহড়ায় অংশ নেবে।

মহড়াটিতে অংশ নেওয়ার পাশাপাশি অন্যান্য সদস্য দেশের সশস্ত্র বাহিনীর সঙ্গে অভিজ্ঞতা বিনিময় করবে ইরানের বিশেষ এই বাহিনী। এর মাধ্যমে বিভিন্ন দেশের সামরিক বাহিনীর সঙ্গে পারস্পরিক সহযোগিতা ও অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ তৈরি হবে বলে জানিয়েছে আইআরজিসি।

ইরানের বিপ্লবী গার্ড বাহিনী বলেছে, পশ্চিমা ও ইউরোপীয় দেশগুলো আঞ্চলিক দেশগুলোর সঙ্গে ইরানের সম্পর্ক দুর্বল করার চেষ্টা করছে। এমন পরিস্থিতিতে সাংহাই সহযোগিতা সংস্থার সদস্য দেশগুলোর সঙ্গে ইরানের ধারাবাহিক কৌশলগত সম্পৃক্ততার অংশ হিসেবেই এই মহড়ায় অংশ নেওয়া হচ্ছে।

বেলারুশে ইরানের স্পেশাল ইউনিটের এই অংশগ্রহণকে সংস্থাটির সদস্য দেশগুলোর সঙ্গে সামরিক সহযোগিতা ও সমন্বয় জোরদারের ধারাবাহিকতার অংশ হিসেবেও উল্লেখ করেছে আইআরজিসি।

এর আগে গত বছর ইরানের উত্তর-পশ্চিমাঞ্চলের শাবেসতার এলাকায় সাংহাই সহযোগিতা সংস্থার সন্ত্রাসবিরোধী মহড়া আয়োজন করেছিল আইআরজিসির স্থলবাহিনী। ওই আয়োজনের মাধ্যমে ইরান মহড়াটির আয়োজক দেশ হিসেবে চতুর্থ দেশ হয়েছিল। সূত্র: তাসনিম নিউজ এজেন্সি