'ইরান নিয়ে ইউরোপের ধারণার সাথে বাস্তবতার মিল নেই'

ইরান সম্পর্কে কিছু ইউরোপীয় দেশের মধ্যে যে ধারণা তৈরি হয়েছে, তা দেশটির প্রকৃত বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় বলে মন্তব্য করেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। ইরানের সমাজ, সংস্কৃতি ও সভ্যতার বাস্তব চিত্র তুলে ধরতে তেহরানে নিযুক্ত নতুন ড্যানিশ রাষ্ট্রদূতকে ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন তিনি।

মঙ্গলবার (৬ অক্টোবর) তেহরানে ডেনমার্কের নতুন রাষ্ট্রদূত ক্রিশ্চিয়ান আটজেনের পরিচয়পত্র গ্রহণের অনুষ্ঠানে পেজেশকিয়ান এসব কথা বলেন।

ইরানি প্রেসিডেন্ট বলেন, কিছু ইউরোপীয় দেশের মধ্যে ইরানকে ঘিরে যে দৃষ্টিভঙ্গি তৈরি হয়েছে, তা সঠিক নয় এবং ইরানের বাস্তবতার সঙ্গে এর মিল নেই। তার আশা, দায়িত্ব পালনের সময় ড্যানিশ রাষ্ট্রদূত ইরানের সমাজ, সংস্কৃতি ও সভ্যতাকে কাছ থেকে দেখার সুযোগ পাবেন এবং দেশটি সম্পর্কে প্রচলিত ভুল ধারণা সংশোধনে ভূমিকা রাখবেন।

পেজেশকিয়ান বলেন, ইরানের জনগণ ঐতিহাসিকভাবে শান্তি, স্থিতিশীলতা, গঠনমূলক সম্পর্ক এবং অন্যান্য দেশের সঙ্গে সুস্থ যোগাযোগকে গুরুত্ব দিয়ে এসেছে। তার ভাষ্য, ইরান শান্তিপূর্ণভাবে অন্য দেশগুলোর সঙ্গে সম্পর্ক ও সহযোগিতা এগিয়ে নিতে আগ্রহী।

ডেনমার্কের সঙ্গে সম্পর্কের প্রসঙ্গ তুলে তিনি বলেন, ডেনমার্কও এমন একটি দেশ, যার সঙ্গে ইরান সম্পর্ক ও পারস্পরিক যোগাযোগ আরও উন্নত করতে চায়।

এ সময় ডেনমার্কের নতুন রাষ্ট্রদূত ক্রিশ্চিয়ান আটজেন ইরানে দায়িত্ব শুরু করতে পেরে সন্তোষ প্রকাশ করেন। তিনি বলেন, ইরানে এসে দেশটির সভ্যতা, ইতিহাস ও সংস্কৃতি তাকে মুগ্ধ করেছে।

আটজেন বলেন, ইরান সম্পর্কে ডেনমার্কের কাছে একটি ন্যায্য ও সঠিক চিত্র তুলে ধরতে তিনি প্রতিশ্রুতিবদ্ধ। এ দায়িত্ব তিনি আন্তরিকতার সঙ্গে পালন করবেন বলেও জানান ড্যানিশ রাষ্ট্রদূত। সূত্র: ইসলামিক রিপাবলিক নিউজ এজেন্সি