ইরানের উত্তর-পূর্বাঞ্চলীয় নেইশাবুর শহরে ভেজাল মদ পান করে তিনজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় বিষক্রিয়ায় আক্রান্ত হয়েছেন অন্তত ৬৬ জন। মদ উৎপাদন ও সরবরাহের সঙ্গে জড়িত সন্দেহে আটজনকে শনাক্ত করেছে পুলিশ।
নেইশাবুর মেডিকেল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়ের হালনাগাদ তথ্য অনুযায়ী, বিষক্রিয়ায় আক্রান্তের সংখ্যা ৩৩ থেকে বেড়ে ৬৬ হয়েছে। তবে মৃতের সংখ্যা তিনজনই রয়েছে।
আক্রান্তদের মধ্যে ৪৭ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আটজনকে উন্নত চিকিৎসার জন্য মাশহাদের একটি হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। চিকিৎসা শেষে সাতজনকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয়েছে।
স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন, আটজন রোগীকে কৃত্রিম শ্বাসপ্রশ্বাসের ব্যবস্থায় (ইনটিউবেশন) রাখা হয়েছে। এ ছাড়া একজন রোগীর ব্রেন ডেথ বা মস্তিষ্কের মৃত্যু হয়েছে।
নেইশাবুরের পুলিশপ্রধান জানিয়েছেন, দূষিত মদ উৎপাদন ও বিতরণের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে আটজনকে শনাক্ত করা হয়েছে।
ইরানে ভেজাল বা ঘরে তৈরি মদ পান করে গণবিষক্রিয়া ও মৃত্যুর ঘটনা নতুন নয়। এর আগে ২০২৫ সালের জুলাইয়ে দেশটির দেজফুল শহরে ভেজাল মদ পান করে ৩১ জন হাসপাতালে চিকিৎসা নিতে যান। তাঁদের মধ্যে একজন মারা যান এবং পাঁচজনকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি করা হয়।
একই বছরের নভেম্বরে ইরানশাহর ও বাম্পুরে পৃথক ঘটনায় মদপানে বিষক্রিয়ায় আটজনের মৃত্যু হয়। ওই সময় একজন দৃষ্টিশক্তি হারান এবং আরও তিনজন গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি হন।
প্রকৃত আক্রান্তের সংখ্যা আরও বেশি হতে পারে
ইরানের উপস্বাস্থ্যমন্ত্রী আলিরেজা রাইসি ২০২৫ সালের অক্টোবরে বলেছিলেন, জরুরি বিভাগে নথিভুক্ত তথ্যের তুলনায় দেশটিতে মদপানে বিষক্রিয়ার প্রকৃত সংখ্যা ১০ গুণ পর্যন্ত বেশি হতে পারে। ভয় বা অন্যান্য কারণে অনেকে চিকিৎসা নিতে হাসপাতালে যান না বলেও উল্লেখ করেন তিনি।
ভেজাল মদে শিল্পকারখানায় ব্যবহৃত অ্যালকোহল মিথানল মিশে থাকতে পারে। মিথানল শরীরে প্রবেশ করলে অন্ধত্ব, বিভিন্ন অঙ্গের ক্ষতি এমনকি মৃত্যুও হতে পারে।
তবে নেইশাবুরে সাম্প্রতিক বিষক্রিয়ার ঘটনায় কোন রাসায়নিক পদার্থ দায়ী, তা এখনো শনাক্ত করেননি স্বাস্থ্য কর্মকর্তারা।
পুরোনো ছবি দিয়ে আগের বিশ্বব্যবস্থা ফিরবে না, যুক্তরাষ্ট্রকে ইরানের সতর্কবার্তা
যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যুদ্ধে ৬২৩ শিশু নিহত হয়েছে: ইরান