অর্থনৈতিক যুদ্ধেও হারবে যুক্তরাষ্ট্র: মোহসেন রেজাই

যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে সামরিক যুদ্ধের মতোই অর্থনৈতিক যুদ্ধেও ব্যর্থ হবে বলে মন্তব্য করেছেন ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব মেজর জেনারেল মোহসেন রেজাই। মঙ্গলবার (৬ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি বলেন, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক অবরোধকে সফল হিসেবে তুলে ধরার চেষ্টা শেষ পর্যন্ত ব্যর্থ হয়েছে।

রেজাই বলেন, মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট ইরানের ওপর যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক অবরোধের প্রভাবকে সফলতা হিসেবে উপস্থাপনের চেষ্টা করেছেন। কিন্তু সেই প্রচেষ্টাও ব্যর্থ হয়েছে। এ প্রসঙ্গে তিনি আন্তর্জাতিক অর্থনৈতিক সংবাদমাধ্যমে প্রকাশিত সাম্প্রতিক একটি প্রতিবেদনের কথা উল্লেখ করেন, যেখানে যুক্তরাষ্ট্রের অর্থনীতিতে ইরানের বিরুদ্ধে মার্কিন আগ্রাসনের প্রভাব, বিশেষ করে জ্বালানির মূল্যবৃদ্ধি নিয়ে বেসেন্টের বক্তব্যের সমালোচনা করা হয়েছে।

ইরানি এই নিরাপত্তা কর্মকর্তা বলেন, বেসেন্টের আগের পূর্বাভাসগুলোর কোনো বিশ্বাসযোগ্যতা ছিল না। তাঁর সর্বশেষ প্রচারণাও দীর্ঘস্থায়ী হবে না বলে মন্তব্য করেন তিনি।

সাম্প্রতিক সপ্তাহগুলোতে বেসেন্ট বিভিন্ন গণমাধ্যমে দাবি করেছেন, ইরানের ওপর যুক্তরাষ্ট্রের সামুদ্রিক অবরোধ কার্যকর হয়েছে এবং এর ফলে দেশটির অর্থনীতি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তাঁর ভাষ্য, এই অবরোধ শেষ পর্যন্ত ইরানকে যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতায় যেতে এবং হরমুজ প্রণালি পুনরায় খুলে দিতে বাধ্য করবে।

পারস্য উপসাগরের গুরুত্বপূর্ণ এই জলপথ দিয়ে বিশ্বের মোট তেল চাহিদার প্রায় এক-পঞ্চমাংশ পরিবহন হয়। মার্চে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা শুরুর পর ইরান হরমুজ প্রণালিতে বিধিনিষেধ আরোপ করে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

তবে বেসেন্টের এসব দাবি প্রত্যাখ্যান করে রেজাই বলেন, যুদ্ধ স্থায়ীভাবে শেষ করা এবং ইরানের ওপর আরোপিত নিষেধাজ্ঞা ও অবরোধ তুলে নেওয়ার বিষয়ে তেহরানের শর্ত মেনে নিলেই কেবল হরমুজ প্রণালি পুনরায় খুলবে।

রেজাই তাঁর বক্তব্যে বলেন, সামরিক যুদ্ধে যুক্তরাষ্ট্র পরাজিত হয়েছে এবং অর্থনৈতিক যুদ্ধেও দেশটি ব্যর্থ হবে। হুমকি বা চাপ প্রয়োগ করে হরমুজ প্রণালি খুলতে বাধ্য করা যাবে না বলেও তিনি জানান। ইরান কোনোভাবেই পিছু হটবে না বলে মন্তব্য করেন তিনি। সূত্র: মেহর নিউজ এজেন্সি