পশ্চিমাদের প্রতিরোধে কঠিন পরিস্থিতি সহ্য করতে হবে: পেজেশকিয়ান

পশ্চিমা বিশ্বের বিরুদ্ধে প্রতিরোধ অব্যাহত রাখতে ইরানকে কঠিন পরিস্থিতি সহ্য করতে হবে বলে মন্তব্য করেছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। শিল্প উৎপাদনে প্রয়োজনীয় বিদ্যুৎ ও জ্বালানি সরবরাহ নিশ্চিত করতে প্রয়োজনে ইরানের সাংস্কৃতিক ও ক্রীড়া কমপ্লেক্সগুলো বন্ধ করে দেওয়া হতে পারে বলেও জানিয়েছেন তিনি।

পেজেশকিয়ান বলেন, শিল্প উৎপাদনের ধারাবাহিকতায় কোনোভাবেই ব্যাঘাত ঘটতে দেওয়া যাবে না। এ জন্য বিদ্যুৎ, গ্যাস, পেট্রোল, পানি এবং অন্যান্য জ্বালানি খাতে ভোগ কমাতে হবে।

তিনি বলেন, পশ্চিমের বিরুদ্ধে প্রতিরোধ ও দৃঢ়ভাবে দাঁড়িয়ে থাকার শর্ত হলো, সবাইকে কষ্ট সহ্য করার মানসিকতা রাখতে হবে।

ইরানের প্রেসিডেন্টের ভাষ্য অনুযায়ী, দেশের শিল্প উৎপাদন সচল রাখাকে অগ্রাধিকার দিতে প্রয়োজনীয় জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হতে হবে। এ ক্ষেত্রে বিদ্যুৎ ও অন্যান্য জ্বালানির ব্যবহার কমানোর পাশাপাশি প্রয়োজন হলে সাংস্কৃতিক ও ক্রীড়া স্থাপনাগুলোর কার্যক্রমও বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হতে পারে।

পেজেশকিয়ান আরও বলেন, বর্তমান পরিস্থিতিতে উৎপাদন ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হলে তা দেশের জন্য বড় ধরনের সমস্যা তৈরি করতে পারে। তাই উৎপাদনের চক্র সচল রাখতে সবাইকে জ্বালানি ব্যবহারে সংযত হতে হবে। সূত্র: ডন