যুদ্ধ ও যুক্তরাষ্ট্রের অবরোধের কারণে অর্থনৈতিক চাপ তৈরি হলেও ইরানে নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্যের মজুত আগের বছরগুলোর তুলনায় বেশি রয়েছে বলে দাবি করেছেন দেশটির কৃষিমন্ত্রী গোলামরেজা নুরি। একই সঙ্গে তিনি জানিয়েছেন, আপাতত রুটি রেশনিং বা এর দাম বাড়ানোর কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি।
শনিবার টেলিভিশনে দেওয়া এক সাক্ষাৎকারে নুরি বলেন, আগের বছরগুলোর তুলনায় দেশটিতে মৌলিক খাদ্যপণ্য ও পশুখাদ্যের মজুত বেড়েছে। এমনকি সংকটহীন স্বাভাবিক সময়ের তুলনায়ও এসব পণ্যের মজুত বেশি রয়েছে।
তিনি বলেন, ‘মজুত শক্তিশালী করা এবং দেশের প্রয়োজনীয় পণ্যের সরবরাহ অব্যাহত রাখতে নেওয়া পরিকল্পনা ও পদক্ষেপের ফলেই এটি সম্ভব হয়েছে।’
রুটি রেশনিং কিংবা এর দাম বাড়ানোর সম্ভাবনা নিয়েও উদ্বেগ নাকচ করেন কৃষিমন্ত্রী। তিনি বলেন, ‘এখন পর্যন্ত রুটি রেশনিং বা এর দাম বাজারের ওপর ছেড়ে দেওয়ার কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি।’ ভর্তুকিপ্রাপ্ত বেকারিগুলোতে ব্যবহৃত গম ও আটার দামও অপরিবর্তিত রয়েছে বলে জানান তিনি।
যুদ্ধের প্রভাব কৃষি উৎপাদনে পড়েছে কি না—এমন প্রশ্নের জবাবে নুরি বলেন, বিদ্যমান নানা প্রতিবন্ধকতা সত্ত্বেও অর্থনৈতিক ও উৎপাদন কার্যক্রম বন্ধ হয়নি।
তিনি আরও জানান, জ্বালানি অবকাঠামো নিয়ে ঝুঁকি ও হুমকি এবং অর্থনৈতিক অনিশ্চয়তার মধ্যেও পোলট্রি খাতের উৎপাদকরা তাঁদের কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। এর ফলে মুরগির মাংস উৎপাদনে স্বয়ংসম্পূর্ণতা অর্জনের পাশাপাশি আমদানিকারক দেশ থেকে রপ্তানিকারক দেশে পরিণত হয়েছে ইরান।
কৃষিমন্ত্রীর দাবি, দেশটির কৃষি খাতে ২ দশমিক ৩ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে এবং এ খাতে প্রায় ৭০ হাজার কর্মসংস্থান সৃষ্টি হয়েছে।
মিস ইউনিভার্সের জন্য ৩০০০ হীরার মুকুট!
সাদিক কায়েমের গ্রামের বাড়িতে পেট্রোল বোমা হামলা ও অগ্নিসংযোগ