সন্ত্রাসী হামলা চালিয়ে ইরানের নিরাপত্তা বাহিনীর মনোবল ভাঙা যাবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। দক্ষিণ-পূর্বাঞ্চলীয় সিস্তান ও বেলুচিস্তান প্রদেশে পুলিশের এক জ্যেষ্ঠ কর্মকর্তাকে সড়কের পাশে বোমা হামলা চালিয়ে হত্যার পর শনিবার (১১ দেওয়া এক শোকবার্তায় তিনি এ কথা বলেন। পেজেশকিয়ান বলেন, নির্বিচার সন্ত্রাসী কর্মকাণ্ডের লক্ষ্য হলো নিরাপত্তাহীনতা তৈরি, সহিংসতা ছড়িয়ে দেওয়া এবং জনজীবনের শান্তি বিঘ্নিত করা। নিরপরাধ মানুষের রক্ত ঝরিয়ে হামলাকারীরা নিজেদের অপরাধী চরিত্রই প্রকাশ করে বলেও মন্তব্য করেন তিনি।
নিহত নুসরাত এফতেখারি সিস্তান ও বেলুচিস্তান প্রদেশের পুলিশ কমান্ডের সাংস্কৃতিক ও সামাজিক বিষয়ক উপপ্রধান ছিলেন। শুক্রবার (০৯ অক্টোবর) জাহেদান শহরের চেশমে জিয়ারাত সড়কে বোমা বিস্ফোরণে তিনি নিহত হন। তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করে পেজেশকিয়ান বলেন, এ ধরনের অপরাধ মানুষের জীবন ও জননিরাপত্তা রক্ষায় নিয়োজিত বাহিনীর সংকল্পকে দুর্বল করতে পারবে না।
ঘটনার সব দিক জরুরি ভিত্তিতে ও গুরুত্বের সঙ্গে তদন্ত করার জন্য সংশ্লিষ্ট সংস্থাগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট। একই সঙ্গে যত দ্রুত সম্ভব হামলাকারীদের শনাক্ত করার নির্দেশনাও দিয়েছেন তিনি।
পেজেশকিয়ান জোর দিয়ে বলেন, মানুষের জীবন, শান্তি ও কল্যাণ রক্ষায় নিয়োজিত নিরাপত্তা বাহিনীর দৃঢ়তা এ ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডে টলবে না। সন্ত্রাসবাদ ও অস্থিতিশীলতা সৃষ্টিকারীদের বিরুদ্ধে লড়াই দৃঢ় সংকল্পের সঙ্গে অব্যাহত থাকবে বলেও ঘোষণা দেন তিনি। সূত্র: মেহর নিউজ এজেন্সি