ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের আগ্রাসনকে বিপর্যয়কর ব্যর্থতা হিসেবে উল্লেখ করে সেই পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে মার্কিন সিনেটররা আগ্রহী বলে মন্তব্য করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। তার অভিযোগ, নিজের বিচার এড়াতে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু তার দেশের জনগণের স্বার্থকেও উপেক্ষা করছেন এবং নিজেকে রক্ষায় যুক্তরাষ্ট্রের আরও প্রাণ ও সম্পদ ব্যয় করতে চাইছেন।
শনিবার (১০ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে আরাঘচি বলেন, নেতানিয়াহু একজন অভিযুক্ত যুদ্ধাপরাধী, যাঁর হাতে আরব, মার্কিন ও ইরানি জনগণের রক্ত লেগে আছে। বিচার এড়াতে তিনি নিজের দেশের জনগণের প্রতিও কোনো বিবেচনা দেখাচ্ছেন না বলে অভিযোগ করেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী।
নেতানিয়াহুর অবস্থানের সমালোচনা করে আরাঘচি তাকে এক উন্মত্ত জুয়াড়ির সঙ্গে তুলনা করেন। তার ভাষ্য, নিজেকে রক্ষা করতে নেতানিয়াহু মরিয়া হয়ে যুক্তরাষ্ট্রের আরও প্রাণ ও সম্পদ ব্যয় করার চেষ্টা করছেন। আরাঘচির দাবি, এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে চান মার্কিন সিনেটররাও।
এদিকে ইসরায়েলি সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর জেনারেল আভি গিল ২০২৩ সালের ৭ অক্টোবরের ঘটনাবলি নিয়ে আবারও মুখ খুলেছেন। তিনি ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন।
গিলের ভাষ্য অনুযায়ী, ৭ অক্টোবরের হামলার প্রায় তিন মাস আগেই নেতানিয়াহুকে সম্ভাব্য যুদ্ধ এবং ইসরায়েলের প্রতিরোধক্ষমতা ক্ষয় হওয়ার বিষয়ে সতর্ক করা হয়েছিল। তবে কয়েকটি গুরুত্বপূর্ণ সময়ে নেতানিয়াহু জিম্মিদের মুক্তির পথ তৈরি করতে পারত, এমন চুক্তি গ্রহণের চেয়ে রাজনৈতিক হিসাব-নিকাশ ও নিজের শাসক জোট টিকিয়ে রাখাকে অগ্রাধিকার দিয়েছিলেন বলে অভিযোগ করেন গিল। সূত্র: মেহর নিউজ এজেন্সি
খামেনিকে হত্যা করা ‘ভুল’ সিদ্ধান্ত ছিল: ইসরায়েলি নেতা
রোমান সম্রাটকে নতজানু হতে হয়েছিলো: রেজাই
'আঞ্চলিক কূটনীতি শুধু বৈঠক আয়োজনেই সীমাবদ্ধ রাখা উচিৎ নয়'