যুক্তরাষ্ট্রের নিরাপত্তা বলয় ‘অক্ষম’: জেনারেল শেখারচি

মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের পছন্দমতো আঞ্চলিক ব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠা করতে দেবে না ইরান। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের নিরাপত্তা বলয়ের ওপর নির্ভরতা থেকে বেরিয়ে আসতে প্রতিবেশী দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন ইরানের সশস্ত্র বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল শেখারচি। সোমবার (১২ অক্টোবর) তিনি বলেন, যুক্তরাষ্ট্র নিজেই যখন এ অঞ্চলে নিজের নিরাপত্তা নিশ্চিত করতে পারছে না, তখন অন্য দেশগুলোর নিরাপত্তা নিশ্চিত করার সক্ষমতা নিয়েও প্রশ্ন রয়েছে।

শেখারচি যুক্তরাষ্ট্রের নিরাপত্তা বলয়কে ‘অক্ষম’ বলে আখ্যা দেন। তাঁর মতে, আঞ্চলিক দেশগুলোর নিরাপত্তার জন্য ওয়াশিংটনের ওপর নির্ভরশীল থাকা যথাযথ সিদ্ধান্ত নয়। বরং নিজেদের নিরাপত্তা ও আঞ্চলিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে দেশগুলোর এ নির্ভরতা থেকে বেরিয়ে আসা উচিত।

ইরানি এই সামরিক মুখপাত্র সতর্ক করে বলেন, যুক্তরাষ্ট্রের কথিত নিরাপত্তা ছাতার ওপর নির্ভরতা অব্যাহত রাখার অর্থ হবে ভুল হিসাব ও সিদ্ধান্তের জন্য বড় মূল্য দিতে রাজি থাকা। তাঁর বক্তব্যে মধ্যপ্রাচ্যের নিরাপত্তা কাঠামোয় যুক্তরাষ্ট্রের ভূমিকা নিয়ে তেহরানের আপত্তি স্পষ্ট হয়েছে।

তিনি আবারও বলেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল এ অঞ্চলে নিজেদের পছন্দমতো ব্যবস্থা ফিরিয়ে আনার চেষ্টা করলেও ইরান তা হতে দেবে না। শেখারচির বক্তব্যে আঞ্চলিক নিরাপত্তার দায়িত্ব নিজেদের হাতে নেওয়া এবং যুক্তরাষ্ট্রের ওপর নির্ভরতা কমানোর বিষয়টিই গুরুত্ব পেয়েছে। সূত্র: ইরান ইন্টারন্যাশনাল