'নিজেদের তৈরি সংকটে যুক্তরাষ্ট্র আরও গভীরভাবে আটকে পড়ছে'

ইরানের বিরুদ্ধে নিজেদের তৈরি সংকটে যুক্তরাষ্ট্র দিন দিন আরও গভীরভাবে আটকে পড়ছে বলে মন্তব্য করেছেন দেশটির সশস্ত্র বাহিনীর জ্যেষ্ঠ মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল শেখারচি। এ পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে ওয়াশিংটন জ্বালানি চোরাচালানের আশ্রয় নিচ্ছে বলে অভিযোগ করেছেন তিনি। একই সঙ্গে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের পরিকল্পিত আঞ্চলিক ব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠার চেষ্টা প্রতিহত করার হুঁশিয়ারি দিয়ে শেখারচি বলেছেন, ইরানের সশস্ত্র বাহিনী শত্রুপক্ষের এমন কোনো পরিকল্পনা সফল হতে দেবে না।

সোমবার (১২ অক্টোবর) দেওয়া এক বার্তায় শেখারচি বলেন, মধ্যপ্রাচ্যে নিজেদের তৈরি সংকট থেকে বেরিয়ে আসার চেষ্টা করছে যুক্তরাষ্ট্র। কিন্তু দিন যত যাচ্ছে, দেশটি সেই সংকটে আরও গভীরভাবে নিমজ্জিত হচ্ছে। তার ভাষ্য, এই পরিস্থিতি সামাল দিতে জ্বালানি চোরাচালানের আশ্রয় নিচ্ছে ওয়াশিংটন। তবে সামুদ্রিক দস্যুতা, চুরি ও জ্বালানি চোরাচালানের মাধ্যমে যুক্তরাষ্ট্রের অনিবার্য পরাজয় ঠেকানো সম্ভব কি না, সেই প্রশ্ন তুলে তিনি বলেন, কোনোভাবেই তা সম্ভব নয়।

হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নিয়ে মার্কিন কর্মকর্তাদের বক্তব্য ও প্রচারযুদ্ধেরও সমালোচনা করেন ইরানের এই সামরিক মুখপাত্র। তিনি বলেন, প্রণালিটির নিয়ন্ত্রণ নিয়ে যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের বক্তব্য কিংবা মিথ্যা প্রচারণা যুদ্ধক্ষেত্রের বাস্তবতা বদলাতে পারবে না। তার মতে, মনস্তাত্ত্বিক অভিযান ও সংবাদমাধ্যমে নানা দাবি তুলে ওয়াশিংটন নিজেদের ব্যর্থ কৌশলের পরিণতি এড়াতে পারবে না। প্রচারযুদ্ধ চালিয়ে পরাজয় আড়াল করা যায় না, আর কথার দাপটে যুদ্ধক্ষেত্রের বাস্তবতাও পরিবর্তন করা সম্ভব নয়।

শেখারচি আরও বলেন, ইরানের সভ্যতা, ইতিহাস ও জনগণকে নিয়ে মার্কিন কর্মকর্তাদের সাম্প্রতিক অবমাননাকর বক্তব্য তাদের হতাশারই বহিঃপ্রকাশ। এসব বক্তব্য ইরানের জনগণের দৃঢ় সংকল্পকে আরও শক্তিশালী করবে বলেও দাবি করেন তিনি। তার ভাষ্য, যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও তাদের মিত্রদের সামনে ইরান একাধিকবার নিজেদের শক্তি ও দৃঢ়তার প্রমাণ দিয়েছে।

ইরানের সশস্ত্র বাহিনী আগের যেকোনো সময়ের তুলনায় বেশি প্রস্তুতি ও সক্ষমতা নিয়ে দেশের স্বার্থ, নিরাপত্তা এবং অস্তিত্ব রক্ষায় কাজ করছে বলে জানান শেখারচি। তিনি বলেন, শক্তিশালী আক্রমণের মাধ্যমে শত্রুকে পরাজিত করবে ইরান। একই সঙ্গে পশ্চিম এশিয়ার দেশগুলোকে যুক্তরাষ্ট্রের কথিত নিরাপত্তা বলয়ের ওপর নির্ভরতা ছেড়ে দেওয়ার আহ্বান জানান তিনি। তার ভাষায়, ট্রাম্প ও নেতানিয়াহুর ‘পচা দড়ি’ আঁকড়ে ধরে আঞ্চলিক দেশগুলোর নিজেদের বিপর্যয়ের দিকে এগিয়ে যাওয়া উচিত নয়। সূত্র: মেহর নিউজ এজেন্সি