পারস্য উপসাগরে ইরানি বাহিনীর হাতে ‘এপস্টাইন’ বাহিনী পরাস্ত হয়েছে বলে দাবি করেছেন ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর মুখপাত্র হোসেইন মোহেবি। একই সঙ্গে ভবিষ্যতের চূড়ান্ত সংঘাতে পশ্চিমা সভ্যতাকে অপমানিত হয়ে ফিরতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি। নিজের বক্তব্যে প্রাচীন রোমের বিরুদ্ধে পার্থীয় ও সাসানীয় বাহিনীর ঐতিহাসিক বিজয়ের উদাহরণ টেনে ইরানের সামরিক ইতিহাসের প্রসঙ্গ তুলে ধরেন মোহেবি।
সোমবার (১২ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় মোহেবি বলেন, ‘রমজান যুদ্ধ’ চলাকালে পারস্য উপসাগরে ইরানি বাহিনীর
হাতে ‘এপস্টাইন’ বাহিনী পরাস্ত হয়েছে। তবে ‘এপস্টাইন’ বাহিনী বলতে কাদের বোঝানো হয়েছে, তা তার বক্তব্যে স্পষ্ট করা হয়নি।
এরপর প্রাচীন ইতিহাসের দুটি যুদ্ধের প্রসঙ্গ তুলে ধরেন আইআরজিসির এই মুখপাত্র। তিনি স্মরণ করিয়ে দেন, খ্রিষ্টপূর্ব ৫৩ সালে কারহাইয়ের যুদ্ধে পার্থীয় বাহিনীর কাছে রোমান সেনাপতি মার্কাস লিসিনিয়াস ক্রাসাসের বাহিনী পরাজিত হয়েছিল। পরবর্তী সময়ে এডেসার যুদ্ধে সাসানীয় বাহিনীর হাতে বন্দি হন রোমান সম্রাট ভ্যালেরিয়ান।
এই ঐতিহাসিক ঘটনাগুলোর সঙ্গে বর্তমান সংঘাতের তুলনা টেনে মোহেবি ইঙ্গিত দেন, অতীতের মতো ভবিষ্যতেও পশ্চিমা শক্তিকে পরাজয়ের মুখে পড়তে হতে পারে। তার ভাষ্য অনুযায়ী, চূড়ান্ত লড়াইয়ে পশ্চিমা সভ্যতাকে অপমানিত হয়ে ‘বে অব পিগসে’ ফিরে যেতে হবে।
১৯৬১ সালে কিউবার বে অব পিগস এলাকায় যুক্তরাষ্ট্রের সমর্থনে পরিচালিত একটি সামরিক অভিযান ব্যর্থ হয়েছিল। মোহেবির বক্তব্যে সেই ঘটনার উল্লেখ পশ্চিমা শক্তির সম্ভাব্য পরাজয় ও অপমানের প্রতীক হিসেবে এসেছে। বার্তার শেষে তিনি লেখেন, ‘আমরা অপেক্ষায় আছি...।’ সূত্র: মেহর নিউজ এজেন্সি
ইরানের পরমাণু স্থাপনায় মার্কিন হামলার হুমকি, ইসলামির নিন্দা
যুক্তরাষ্ট্রের নিরাপত্তা বলয় ‘অক্ষম’: জেনারেল শেখারচি
চূড়ান্ত সংঘাতে পশ্চিমাদের অপমানিত হয়ে ফিরতে হবে: আইআরজিসি
৩০টির বেশি কৃত্রিম উপগ্রহ তৈরি করছে ইরান